• জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, এগরার রাস্তায় খুঁটি পুঁতে আন্দোলন
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • সংবাদদাতা, কাঁথি: জমি অধিগ্রহণে অনিয়ম ও ক্ষতিপূরণ না মেলার অভিযোগে এগরায় খুঁটি পুঁতে পিচ রাস্তার কাজ বন্ধ করলেন জমিমালিক তথা চাষিরা। বৃহস্পতিবার বিকালে এগরা-১ ব্লকের কৌড়দা এলাকায় ঘটনাটি ঘটেছে। উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে এবং কোনো আলোচনা ছাড়াই জোরপূর্বক জমি দখলের অভিযোগে কাজ বন্ধ করেছেন বলে জানিয়েছেন জমিমালিকরা। এদিন  নির্মীয়মাণ পিচ রাস্তায় তাঁরা খুঁটি পুঁতে দেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌড়দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বরিদা পর্যন্ত একটি পিচ রাস্তা তৈরির কাজ চলছিল। গ্রামবাসীদের অভিযোগ,  রাস্তা তৈরির সময় বেশ কয়েকজন কৃষকের চাষজমি ব্যবহার করা হলেও তাঁদের থেকে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি। এমনকি, জমির কোনো সরকারি মূল্য বা ক্ষতিপূরণও দেওয়ার কথাও বলা হয়নি বলে অভিযোগ। ​

    ক্ষুব্ধ কৃষকদের দাবি, বিগত সরকারের আমলে এলাকার কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার মদতে একপ্রকার গায়ের জোরে এই রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় ভয়ে বা চাপে কেউ মুখ খুলতে না পারলেও, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরই ক্ষোভ উগরে দিয়েছেন চাষিরা। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জমিমালিকরা একত্রিত হয়ে রাস্তার মাঝে খুঁটি পুঁতে যাতায়াত ও নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ করে দেন। ​স্থানীয় বাসিন্দা অজয়কুমার দাস, পূর্ণেন্দু রায়, ভানুচরণ মান্না বলেন, আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। না পেয়েছি জমির দাম, না দেওয়া হয়েছে নোটিস। জোর করে চাষের জমিতে পিচ ঢালা আমরা মেনে নেব না। আমাদের স্পষ্ট দাবি, ​জমির উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ দিতে হবে। ​জমি অধিগ্রহণের আইনি নথি দেখাতে হবে। ততক্ষণ পর্যন্ত খুঁটি পোঁতা থাকবে। বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। প্রয়োজনে এলাকার মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করব।
  • Link to this news (বর্তমান)