হুগলি গ্রামীণ জেলায় প্রায় ৭০০ ফোন ও প্রতারণার ২২ লক্ষ টাকা ফেরাল পুলিশ
বর্তমান | ১৬ মে ২০২৬
সংবাদদাতা, তারকেশ্বর: হুগলি জেলা পুলিশের উদ্যোগে প্রায় ৭০০ মোবাইল ও প্রতারণার ২২ লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল শুক্রবার। হুগলি জেলা পুলিশের অফিস থেকে ১০০টি ও বাকি মোবাইলগুলি জেলার অন্যান্য থানা থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে হুগলি জেলা পুলিশের সুপার (গ্রামীণ) কুমার সানি রাজ বলেন, জেলাজুড়ে ৬৯২টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার ২১ লক্ষ ৯২ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হল প্রকৃত মালিকদের। খানাকুলের এক ব্যক্তির ৮ লক্ষ টাকা প্রতারণা হয়েছিল। গত চার মাসে সব মিলিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সদ্য অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে গ্রামীণ জেলার পুলিশ সুপার বলেন, আমাদের জেলায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে বড়ো কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ভোটের আগে ও পরবর্তী পর্যায়ে বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোঘাট ও পোলবায় দু’টি মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গোঘাটের ময়নাতদন্তকারীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এটি একটি স্বাভাবিক মৃত্যু, কোনো খুনের ঘটনা নয়। পোলবার মৃত্যুর ঘটনাও রাজনৈতিক নয়। নিজেদের মধ্যে শত্রুতার জেরেই ওই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।