• রাজনৈতিক হস্তক্ষেপ নয়, নৈহাটিতে ভেঙে দেওয়া হল বড়মা মন্দির কমিটি
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে  ভেঙে দেওয়া হল বড়োমা মন্দির কমিটি। নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশ, মন্দির কমিটিতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মন্দির পরিচালনা করবেন সেবায়েতরা। ভিভিআইপি কালচার বন্ধ হবে। খুব শীঘ্রই নতুন কমিটি তৈরি হবে। যতদিন নতুন কমিটি তৈরি না হচ্ছে, বিদায়ী সম্পাদক তাপস ভট্টাচার্য এই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, এই কমিটিতে এতদিন সভাপতি ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। সদস্য ছিলেন প্রাক্তন বিধায়ক সনৎ দে, এক প্রভাবশালী  কাউন্সিলারের ছেলে অরিত্র বন্দ্যোপাধ্যায়।

    বিধায়কের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাস্টি বোর্ডের বৈঠক ডাকা হয়। সেখানেই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বোর্ডের ওই বৈঠকে অশোক চট্টোপাধ্যায়, সনৎ দে এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়ের আসেননি। ঠিক হয়েছে, বিধায়কের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত কর. হবে। এই মন্দির নির্মাণে প্রাক্তন সভাপতি তথা পুর চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বড়ো ভূমিকা ছিল। ভোটের পর পরিস্থিতির বদল হওয়ায় রাজ্যের অন্যান্য জায়গার মতো বড়োমা মন্দির কমিটিও পরিবর্তন হতে চলেছে। মাকে দর্শন করা ও পুজো দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে। ঘণ্টার পর ঘণ্টা লাইন দেন তাঁরা। তাই বিধায়ক সিদ্ধান্ত নিয়েছেন, কোনো ভিআইপি কালচার থাকবে না। এমনকি, তিনি নিজেও যদি পুজো দিতে আসেন, লাইনে দাঁড়াবেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যতিরেকে সবাইকেই লাইন দিয়ে পুজো দিতে হবে। 

    আজ, শনিবার ফলহারিনী কালীপুজো। এই পুজোকে কেন্দ্র করে ব্যাপক ভিড় হয় নৈহাটিতে। সেই পরম্পরা মেনে এবারও তেমন ভিড় হবে কি না, সেদিকেই তাকিয়ে মন্দির কমিটির লোকজন। আগামী দিনে এই কমিটিতে কারা কারা থাকবেন, সেদিকেই এখন সবার নজর।

    এদিকে রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের মধ্যে উলটো সুর গাওয়া শুরু হয়ে গিয়েছে। কাঁচরাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চা ছেলে। ওকে সঠিক গাইড করা উচিত ছিল। এই প্রজন্মের শ্রেষ্ঠ নেতা হলেন শুভেন্দু অধিকারী।’ বীজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল তাঁকে প্রার্থী না করে বড়ো ভুল করেছে বলে মন্তব্য করেন শুভ্রাংশু। উল্লেখ্য, মুকুল রায়ের মৃত্যুর পর কাঁচরাপাড়ার বাড়ি থেকে হালিশহর মহাশ্মশান পর্যন্ত শুভ্রাংশু রায়ের পাশে হেঁটেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই শুভ্রাংশুর মুখেই অভিষেকের সমালোচনা।

    ওই কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বলেছেন, গ্রীষ্মকালীন রক্তের সংকট কাটাতে তাঁর কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে এক মাস ধরে রক্তদান উৎসব হবে। বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন এই রক্তদান শিবির আয়োজন করবে। সবচেয়ে বেশি রক্তদাতা যেখানে হবে, তাদের মধ্যে প্রথম তিনটি সংস্থাকে পুরস্কৃত করা হবে বলেও সুদীপ্ত দাস জানিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)