• পট পরিবর্তন হতেই জাহাঙ্গির ঘনিষ্ঠ তিন তৃণমূল নেতার রিসর্টে ভাঙচুর, ফলতায় ভাঙা পার্টি অফিস দেখতে থমকাচ্ছে যানবাহন
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে পালাবদল হতেই ফলতার রাজনৈতিক চরিত্র বদলে গিয়েছে। তৃণমূল নেতা জাহাঙ্গির খানের দাপট এখন অতীত! তাঁর বহু ঘনিষ্ঠ অনুগামী পলাতক। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে এখনও। তাঁদের অনেকেই একসময় জাহাঙ্গির বাহিনীর হাতে ভয়ানক অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ। তাই তৃণমূল ক্ষমতা থেকে যেতেই ফলতাজুড়ে সাধারণ মানুষের রাগ, আক্রোশের কার্যত বিস্ফোরণ ঘটছে। জাহাঙ্গিরের ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল নেতার বিলাসবহুল রিসর্ট ভাঙচুরের পর তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে নদীর ধারে অবস্থিত তিনটি রিসর্টে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কিছুই আস্ত নেই সেখানে। ঘরগুলির ভিতরে শুধু ভাঙা জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। জানলা, দরজা উধাও। কোনো আসবাবপত্র নেই। তাণ্ডবলীলার ছবি স্পষ্ট সর্বত্র। তিনটি রিসর্টই পাশাপাশি। এলাকার মানুষজনের দাবি, এতদিন এই রিসর্টে রাতদিন চলত বহিরাগতদের দাপাদাপি। অনেক রাত পর্যন্ত গানবাজনা ও হইহুল্লোড় চলত। ফলে স্থানীয় বাসিন্দারা ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারতেন না। এতদিনে স্বস্তি বোধ করছেন সেই সব স্থানীয় বাসিন্দা। এদিকে, গত এক দশকের বেশি সময় ধরে ফলতায় দাপিয়ে বেড়ানো তৃণমূল নেতা জাহাঙ্গিরের যাবতীয় দাপট উবে গিয়েছে। যে পার্টি অফিসে বসে ভোট পরিচালনা থেকে নানা কাজ করতেন জাহাঙ্গির, সেটিও ভাঙচুর করা হয়েছে আগেই। ফলতার ‘বেতাজ বাদশা’র সাম্রাজ্য এখন পতনের মুখে। এখন আসা-যাওয়ার পথে মানুষ তাচ্ছিল্যভরে তাকাচ্ছে সেই কার্যালয়ের দিকে।  বাইক হোক বা গাড়ি, শ্রীরামপুরে এই পার্টি অফিসের সামনে এসে কমে যাচ্ছে বাহনের গতি। লম্বা চাতালে যেখানে সারিবদ্ধভাবে জাহাঙ্গিরের নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে থাকতেন, সেই অংশ এখন খাঁ খাঁ করছে। এক পথচারীর কটাক্ষ, ‘বাঘ থেকে ইদুর হয়ে গিয়েছেন ওই তৃণমূল নেতা। আসলে সবই কর্মফল।’ 

    ২৯ এপ্রিলের পর শুক্রবার সকালেই প্রথম প্রকাশ্যে দেখা যায় ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরকে। নিজের পার্টি অফিসের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। সঙ্গে হাতেগোনা কয়েকজন দলীয় কর্মী। কার্যালয় ভাঙচুরের পর যেসব জিনিস পড়ে ছিল, সেগুলি সরানোর কাজ তাঁরা তদারকি করছিলেন বলে জানা গিয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)