• হিঙ্গলগঞ্জে অবৈধ গোরু পাচার রুখলেন বিধায়ক
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: অবৈধ গোরু পাচার আটকে দিলেন বিধায়ক রেখা পাত্র। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোটো হাতিতে করে কয়েকজন অবৈধভাবে গোরু নিয়ে যাচ্ছিল। এই খবর পাওয়া মাত্রই ওই এলাকায় যান হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। তিনি অবৈধভাবে নিয়ে যাওয়া সমস্ত গোরুকে গাড়ি থেকে নামিয়ে দেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ঘটনাস্থলে এসে ভিড় জমান। বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গোরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপরেও কী করে পাচারকারীরা এই ধরনের ব্যবসা চলছে, তা নিয়ে প্রশ্ন তোলেন রেখা পাত্র। বিধায়কের দাবি, ওই গাড়ি থেকে কয়েকটি বাছুরও পাওয়া গিয়েছে। এই গোরুগুলি অবৈধভাবে বিক্রির জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, কোথা থেকে গোরুগুলি আনা হয়েছে, তা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)