• মেয়র পরিষদের বৈঠক বাতিল, তুমুল চর্চা কলকাতা পুরসভায়
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠক বাতিল হয়েছে। ১৮ মে, সোমবার বৈঠক হওয়ার কথা ছিল। কবে হবে তা এখনও জানা যায়নি। পুরসভা সূত্রে খবর, পুর কমিশনার সময় দিতে পারবেন না বলে চলতি মাসে নির্ধারিত বৈঠকটি আপাতত হচ্ছে না। মেয়র পরিষদের বৈঠক এভাবে বাতিল হয়ে যাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন বলে মনে করছে পুরকর্তাদের একাংশ।

    পুরসভা সূত্রে খবর, মেয়র পরিষদের বৈঠকের কথা থাকলেও তার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা এজেন্ডা তৈরি ছিল না। স্বাভাবিক নিয়মে বিভাগীয় অফিসাররা এজেন্ডা (বিষয়বস্তু) বানিয়ে পুর কমিশনারের অফিসে পাঠান। তারপর কমিশনার খতিয়ে দেখে অনুমোদন দিলে তা মেয়রের অনুমোদনের জন্য পাঠানো হয়। মেয়রের সই হওয়ার পর সেই বিষয়বস্তু পরিষদের বৈঠকে তোলা হয় চূড়ান্ত অনুমোদনের জন্য। পুরসভার আধিকারিকরা জানান, রাজ্যে পালাবদলের পর তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুর কমিশনার স্মিতা পান্ডের ‘দূরত্ব’ তৈরি হয়েছে। সম্প্রতি তপসিয়ায় বাড়ি ভাঙার বিষয়টি নিয়েও মেয়রের সঙ্গে কমিশনারের কোনো আলোচনা হয়নি। নিয়ম অনুযায়ী, আদালতের নির্দেশ ছাড়া এভাবে কোনো বাড়ির ভাঙার অর্ডার জারি করা একমাত্র মেয়রের অধিকারভুক্ত। এই সবের জেরে এবার মেয়র পরিষদের বৈঠকের আগে মাত্র তিনটি এজেন্ডা তৈরি হয়েছিল। ফলে যদি মেয়র পরিষদের বৈঠক হত সেটা হত নামকাওয়াস্তে। পুরসভা সূত্রে খবর, বৈঠকের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরও সম্প্রতি পুর কমিশনারের অফিস থেকে মেয়রের কাছে বার্তা আসে, ব্যস্ততার কারণে মেয়র পরিষদের বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয় কমিশনারের। তাই নির্ধারিত দিন বাতিল করা হোক বলে আবেদন জানানো হয়। যার পরিপ্রেক্ষিতে মেয়রের তরফেও সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হয় সোমবারের নির্ধারিত মেয়র পরিষদের বৈঠক বাতিল। পরবর্তী বৈঠকের দিনক্ষণ পরে জানানো হবে। এভাবে পুর কমিশনারের আপত্তিতে বা তাঁর ব্যস্ততার কারণে মেয়র পরিষদের বৈঠক বাতিল হয়েছে বা পিছিয়ে গিয়েছে, এমন ঘটনা সাম্প্রতিক অতীতে হয়েছে বলে মনে করতে পারছেন না পুরকর্তারা। এমন ডামাডোল চলতে থাকলে রাজ্যের বিরোধী পরিচালিত পুরবোর্ড কতদিন চালানো যাবে তা নিয়েও সংশয় প্রকাশ করছেন পুর আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)