• গণপরিবহণের হাল ফিরবে কি? মুখ্যমন্ত্রীর ভরসায় বাসমালিকরা, শুরু স্মারকলিপি জমার প্রস্তুতি
    এই সময় | ১৬ মে ২০২৬
  • এই সময়: ভেঙে পড়া বেসরকারি গণপরিবহণ ব্যবস্থাকে ফের নিজের পায়ে খাড়া করতে প্রয়োজন গোটা ব্যবস্থা ঢেলে সাজা। সেই উদ্দেশ্যেই শুক্রবার আলোচনায় বসেছিলেন বেসরকারি বাসমালিকদের সংগঠন 'অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি'র সদস্যরা। শুক্রবারই ডিজেলের দাম প্রতি লিটারে ৩.১১ টাকা বেড়ে ৯৫.১৩ টাকা/লিটার হয়েছে। কিন্তু বেসরকারি বাসের ভাড়া বাড়েনি বহু বছর। এমন অবস্থায় শুধু ভাড়ার পুনর্বিন্যাসই নয়, রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপে গোটা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার কোনও উপায় দেখছেন না বাস-মালিকরা। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে নিজেদের অবস্থার কথা জানাবেন তাঁরা।

    ২০২০-র অগস্টে শহরে এক লিটার ডিজেলের মূল্য ছিল ৭৭.০৬ টাকা। পরের ছ'বছরে জ্বালানি তেলের মূল্য প্রতি লিটারে ১৮ টাকারও বেশি বেড়েছে। ফলে বেসরকারি বাসে দৈনিক শুধু জ্বালানির খরচই হাজার টাকার কাছাকাছি বেড়েছে। কিন্তু বাসমালিকদের অভিযোগ, আগের রাজ্য সরকারের কাছে বার বার আবেদন করার পরেও সরকারি ভাবে ভাড়া বাড়ানো হয়নি। খরচে কুলিয়ে উঠতে না পেরে শুধু কলকাতাতেই অন্তত ৪০টি রুটে বাসের সংখ্যা অর্ধেকের বেশি কমেছে। পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এমন রুটের সংখ্যাও কয়েক ডজন। পরিবহণ-ব্যবসা ছেড়ে দিয়েছেন, এমন মানুষের সংখ্যাও কম নয়। এই কারণেই সমন্বয় সমিতির কার্যনিবাহী সদস্যরা মনে করছেন, সবার আগে দরকার পরিবহণ ব্যবসায়ীদের মনোবল বৃদ্ধি। যাতে নতুন করে আর কেউ এই ব্যবসা ছেড়ে না দেন।

    সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় তাঁদের আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে বলেন, 'রাজ্যে সার্বিক ভাবে যাত্রী পরিবহণ পরিষেবা নির্দিষ্ট পরিকল্পনার অভাবে দিনে দিনে খারাপ জায়গায় গিয়েছে। বাসের ন্যূনতম ভাড়া কত করা উচিত, এ বিষয়ে আমাদের কোনও দাবি থাকবে না। আমরা বেসরকারি গণপরিবহণের অবস্থা কী, মুখ্যমন্ত্রীর কাছে তা নিয়েই স্মারকলিপি জমা দেব।' সমিতি জানিয়েছে, অপরিকল্পিত ভাবে বিভিন্ন রুটে চালু অটোরিকশা ও টোটো কী ভাবে বাসের ক্ষতি করেছে, সেই বিষয়টিও জানানো হবে মুখ্যমন্ত্রীকে। প্রতিবেশী ওডিশার মতো হাইওয়েতে মাসিক এক হাজার টাকার বিনিয়ময়ে পাস দেওয়ার প্রস্তাব এবং শহরতলি-সহ গোটা রাজ্যে প্রতিটি প্রধান সড়ক এবং রাজ্য ও জাতীয় সড়ক দখলমুক্ত করার আবেদনও করা হবে।

  • Link to this news (এই সময়)