‘যেখানে যেখানে ঘুণ ধরেছে, ওষুধ দেওয়া হবে’: দিলীপ ঘোষ
আজকাল | ১৬ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সাম্প্রতিক একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি প্রশাসন, পুলিশ এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।
আরজিকরে অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু যেভাবে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। সেই কারণেই মানুষ মোমবাতি হাতে রাস্তায় নেমেছেন।’
তৎকালীন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, ‘কী এমন রহস্য রয়েছে যে কিছু ওসিকে সবাই চেনে? তাঁরা কি এতটাই বিখ্যাত?’ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষের দাবি, ‘কিছু আধিকারিক সৎ কাজ আটকানোর চেষ্টা করছেন। এর ফলে দেশ ৫০ বছর পিছিয়ে গিয়েছে।’
২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদি সেই সময় ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হত, তাহলে এত মানুষ ঘরছাড়া হতেন না। বিধানসভায় দাঁড়িয়ে শাসকদলের নেতারাও ঘরছাড়ার কথা স্বীকার করেছেন। আমি যে মামলাগুলি করেছি, তার তদন্ত এখনও চলছে। সিবিআই তদন্ত করছে।’
অ্যাথলিট এবং রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, ‘অসৎ সঙ্গের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়। উনি একজন অ্যাথলিট, তাই আরও বুঝে পদক্ষেপ নেওয়া উচিত ছিল।’
দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়ে তিনি বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করেছি। যেমন কৃষ্ণ পুতনাবধ করেছিলেন, তেমনভাবেই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনও অনেক কিছু বাকি রয়েছে।’
রাজাবাজারের একটি ঘটনার প্রসঙ্গ তুলে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ‘ওরা ভুলে গিয়েছে যে সরকার বদলে গিয়েছে। সময়মতো সব বুঝিয়ে দেওয়া হবে।’
এছাড়াও স্বাস্থ্য পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এসএসকেএম হাসপাতালে রোগী ও তাঁদের আত্মীয়দের আলাদা আলাদা বেড দেওয়া হবে। যাতে সহজেই চিহ্নিত করা যায় কে রোগী এবং কে আত্মীয়। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘যেখানে যেখানে ঘুণ ধরেছে, সেখানে ওষুধ দেওয়া হবে।’