• ৪০-৫০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া, কলকাতা ও কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
    আজ তক | ১৬ মে ২০২৬
  • ফের কলকাতা-সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারের পর শনিবারও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে একাধিক জেলায় এমনকি কলকাতাতেও ঝড়ো হাওয়া বইতে পারে। আজ শহর সহ কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকতে পারে, বুঝে নেওয়া যাক।

     শনিবার কলকাতার আবহাওয়া

    কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, দুপুর গড়াতেই বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

    IMD-এর তরফে জানানো হয়েছে, শহরে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

    উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে IMD।

     
  • Link to this news (আজ তক)