• ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল নেতা
    এই সময় | ১৬ মে ২০২৬
  • বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের স্থানীয় নেতা উত্তম দাস। শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামে উত্তমের বাড়ির সামনে থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ মে ভোটের ফল ঘোষণার দিন ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে অর্ঘদীপ বসু গুলিবিদ্ধ হন। তাঁর ডান পায়ে গুলি লেগেছিল। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, উত্তম ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা বলে জানা গিয়েছে। ক্যানিং পশ্চিম আসনে ৪০,৬৬৫ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। এ দিন রাতে উত্তমের গ্রেপ্তারির পরে মিঠাখালি গ্রামের বাসিন্দাদের একাংশ থানার সামনে জড়ো হন। গ্রামবাসীরা তাঁকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়। এর আগেও ক্যানিং থানা থেকে আসামি ছিনতাই এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এ দিন থানার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল।

    পুলিশ আরও জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে থানার বাইরেও ভিড় জমতে শুরু করে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। তারা লাঠি উঁচিয়ে তাড়া করতেই জমায়েত ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে অশান্তি এড়াতে পুলিশি টহল জারি রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার দিন ক্যানিং এলাকায় বিজেপি কর্মীরা মিছিল করছিলেন। সেই মিছিলে ছিলেন অর্ঘদীপ। অভিযোগ, সেই মিছিল লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলকর্মীরা। ঘটনায় অর্ঘদীপের ডান পায়ে গুলি লাগে। সেই ঘটনার তদন্তে নেমেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)