নিউ টাউনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে মিঠুনের বাড়িতে যান তিনি। বেশ কিছুক্ষণ তাঁর বাড়িতে ছিলেন। এর পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেখানে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন মিঠুন। বর্ষীয়ান এই অভিনেতা তথা বিজেপি নেতার কথায়, ‘ওঁর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।’
শুভেন্দু এ দিন জানান, বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং বাংলার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য নিরলস চেষ্টা করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর পরিশ্রমের কোনও সীমা ছিল না। এই ভোটেও সর্বোচ্চ সভা, রোড-শো করেছেন মিঠুন। গত কয়েক মাস ধরে লাগাতার ইন্ডোর মিটিং করেছেন তিনি। কাজ করেছেন মাইক্রো লেভেলে গিয়ে।
শুভেন্দুর কথায়, ‘আমি নিশ্চিত ভাবে জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। বিজেপি আমাকে বেছে নিয়েছে। কিন্তু এর নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। মিঠুনদা কাল বলেছিলেন দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’
এর পরেই শনিবার সকালে মিঠুনের নিউ টাউনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দারুণ খুশি মিঠুনও। তিনি বলেন, ‘এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে তিনি শপথ নিয়েছেন, তার পর থেকে কাজ করছেন। গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।’