সময়ের অভাবে আরজি করের নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই কারণ দেখিয়ে কয়েক দিন আগে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও ওই মামলা থেকে সরে দাঁড়িয়েছে। তাই সেই মামলা বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠালেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল। এ বার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ-খুন সংক্রান্ত মামলার শুনানি হবে।
এই মামলায় এর আগে বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মূল আসামি সঞ্জয় রায় ও প্রয়োজনে সন্দেহভাজন অন্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নির্যাতিতার মা-বাবার দায়ের করা দু’টি অতিরিক্ত হলফনামার প্রেক্ষিতে সিবিআই-কে রিপোর্ট আকারে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল। গত মঙ্গলবার মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দেয় সিবিআই। তার পরেই মামলাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ।
বিচারপতি মান্থা বলেছিলেন, ‘মামলাগুলির দ্রুত শুনানির প্রয়োজন। আরজি করের এই ঘটনা নিয়ে গোটা রাজ্য উদ্বিগ্ন, আমরাও চিন্তিত। তাই আমাদের মনে হয়, উপযুক্ত বিচার পাওয়ার জন্য বিস্তারিত শুনানির সময় রয়েছে এমন কোনও বিচারপতিদের বেঞ্চে এই মামলাগুলি পাঠানো হোক।’ পাশাপাশি, বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ছিল, ‘সম্ভবত আরজি করের ঘটনার অনুসন্ধানে বিচারবিভাগীয় কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার।’