• ‘ইতিহাস না ভূগোল, পাকিস্তানই ঠিক করুক’, সিঁদুর অভিযান মনে করিয়ে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান
    এই সময় | ১৬ মে ২০২৬
  • অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, ইসলামাবাদ যদি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তা হলে তার পরিণাম ভালো হবে না। তাই তারাই ঠিক করুক, তারা আগামী দিনে ভূগোল না ইতিহাসের অংশ হয়ে থাকতে চায়। শনিবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান।

    শনিবার দিল্লির ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে অপারেশন সিঁদুর অভিযান নিয়ে সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, যদি ফের গত বছরের মতো পরিস্থিতি তৈরি হয়, তা হলে ভারতীয় সেনা কী পদক্ষেপ করবে? সেই প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন, ‘আমি আগেও বলেছি, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী পরিকাঠামো ব্যবহার করা বন্ধ না করে, তবে তাদের অস্তিত্ব সঙ্কট হবে।’

    গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের নিহত হওয়ার পরে পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল ভারত। ৬ মে মধ্যরাতে প্রত্যাঘাত করা হয়। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া। সেই অভিযানেরই নাম ছিল অপারেশন সিঁদুর। তার পরেই সীমান্তে সংঘর্ষ বাধে দুই দেশের মধ্যে। টানা চার দিন সেই সংঘাত চলে। পরে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

    পরে সেনাপ্রধান দ্বিবেদী জানিয়েছিলেন, নীতি এবং প্রযুক্তির সম্মিলিত শক্তি দিয়ে সেনা লড়াই করেছিল বলেই অপারেশন সিঁদুর সফল হয়েছে। পাকিস্তানের কোনও নিরীহ সাধারণ নাগরিক যাতে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত না-হন, তা নিশ্চিত করা হয়েছিল। কেবল জঙ্গি এবং তাদের মাথারাই সেনার নিশানায় ছিল।

  • Link to this news (এই সময়)