• নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস, হাঁসফাঁস গরম থেকে কি মুক্তি পাবে দক্ষিণবঙ্গ?
    এই সময় | ১৬ মে ২০২৬
  • দেশে এ বার সময়ের আগে বর্ষা ঢুকলেও এখনই গরম থেকে মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। যার প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। সেই কারণেই ক্রমশ গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাতে কমবে না অস্বস্তি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

    শনিবার সকাল থেকেই শহরের আকাশে চড়া বোদ। তবে মাঝে মধ্যে মেঘলা আকাশও দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতার তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বাড়বে গরম। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম।

    শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে গরম বাড়বে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

    শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। রবিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

  • Link to this news (এই সময়)