আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি ছিল চার দুষ্কৃতী। বড় কোনও ছকই ছিল। তবে পুলিশের গোপন অভিযানে সব পরিকল্পনা ভেস্তে গেল। শুক্রবার রাতে পুলিশ প্রশাসনের বড় সাফল্য নদিয়ার তাহেরপুরে। চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল তাহেরপুর থানার পুলিশ।
তাহেরপুর থানা সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ পুলিশের কাছে খবর আসে যে রানাঘাটের দিক থেকে একটি সাদা রঙের গাড়িতে ৩-৪ জন সশস্ত্র যুবক বীরনগরের দিকে ঢুকছে। তাহেরপুর থানার অন্তর্গত আনন্দনগর এলাকায় কোনও বড়সড় অপরাধমূলক কাজ সংগঠিত করাই লক্ষ্য। তার পরেই তাহেরপুর থানার টিম বীরনগর বড়বাজার এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে লোডেড পিস্তল ও তাজা কার্তুজ। চার জনকে রাতেই তাহেরপুর থানায় নিয়ে যাওয়া হয়।
কী উদ্দেশে তারা যাচ্ছিল, এই অস্ত্র কোথা থেকে এল, সবই জানার চেষ্টা করছে পুলিশ। এ দিন ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।