‘এটাই বাংলার বাস্তব চিত্র’, বিজেপিকে নিশানা অভিষেকের
আজকাল | ১৬ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে বাগযুদ্ধ হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চ্যাটার্জির। এরপরেই শুক্রবার রাতে ভোট-পরবর্তী হিংসার শিকার হন তৃণমূল প্রার্থী তথা এশিয়ান গেমসে সোনজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। তাঁর অভিযোগ, কে বা কারা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। হতাশার সুরে স্বপ্না জানান, এরকম হবে জানলে রাজনীতিতে আসতাম না। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। এক্স-এ তিনি লিখেছেন, “প্রিয় স্বপ্না, ভারত তোমাকে হতাশ করেছে।”
অভিষেক লিখেছেন, “দেশের হয়ে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হেপ্টাথলিট স্বপ্না বর্মন বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে ভারতের পতাকা বহন করেছিলেন। পরবর্তীতে তিনি জনগণের সেবা করার আশায় তৃণমূলে যোগ দেন এবং জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী হয়েছিলেন। বিজেপির গুন্ডারা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।”
এখানেই থামেননি তিনি। অভিষেক আরও লিখেছেন, “যে ক্রীড়াবিদ দেশকে গৌরব এনে দিয়েছেন, তাঁকে শুধু তৃণমূলের পাশের দাঁড়ানোর অপরাধে প্রতিদান হিসেবে হিংসা, ভীতি প্রদর্শন ও আতঙ্কের শিকার হতে হচ্ছে।”
রাজ্যের শাসকদলের দিকে আঙুল তুলে অভিষেক লিখেছেন, “বিজেপির শাসনকালে এটাই নির্মম বাস্তব। এই ‘পরিবর্তন’-এক প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল। সরকারকে এর জবাব দিতেই হবে। যে ক্রীড়াবিদ ভারতের গৌরব, তাঁর সঙ্গে যদি এমন হয় তাহলে গণতন্ত্রের হাল নিয়ে প্রত্যেক ভারতীয়ের উদ্বিগ্ন হওয়া উচিত।”
শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে স্বপ্নার বাড়িতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। স্বপ্না জানিয়েছেন, বাড়িটিতে তাঁরা থাকতেন না, তাঁরা নতুন বাড়িতে থাকতেন। তাঁর ছোড়দা সেখানে থাকতেন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি এখনও। অ্যাথলিট অভিযোগ করেন, ভোটের ফল বেরনোর পর থেকেই দাদাকে হুমকি দেওয়া হত। আমায় ধর্ষণেক হুমকি দেওয়া হচ্ছিল। আমায় কেউ মেনে নিতে পারছেন না। দু’দিন আগে যাঁরা আমার সঙ্গে ছিল, রাতারাতি তাঁরা পাল্টে গেল। কারা এই কাজ করল তা জানি না।