• বিনয় তামাং, অনীত থাপাকে ‘থুতু ছেটানোর’ নিদান বিমল গুরুংয়ের, মন্তব্য ঘিরে বিতর্ক
    দৈনিক স্টেটসম্যান | ১৬ মে ২০২৬
  • ছাব্বিশের নির্বাচনে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের জয়ের পর থেকেই পাহাড়ের রাজনীতির পারদও ক্রমশ চড়ছে। এবার বিনয় তামাং এবং অনীত থাপাকে থুতু ছেটানোর নিদান দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দলের কর্মী সমর্থক থেকে পাহাড়বাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বিমল গুরুং বলেন, ‘ওদের যেখানেই দেখবেন, থুতু ছেটাবেন। ওরা এটারই যোগ্য।‘ বিমলের এই উস্কানিমূলক মন্তব্য ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ের রাজনীতি আঙ্গিনায় ব্যাপক শোরগোল ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) চিফ এগজিকিউটিভ অনীত থাপা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেন, বিমলের এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দ্রুত বন্ধ করা উচিত। এতে পাহাড়ে নতুন করে অশান্তি তৈরি হওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি, তিনি এই মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন। জিটিএ-র মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা জানিয়েছেন, ‘বিমল গুরুংয়ের এই উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে দার্জিলিং সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হচ্ছে।‘

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে পাহাড়ে লড়াই করেছিল মোর্চা। দার্জিলিং আসনে বিমলের দলের যুব নেতা নমন রাইকে প্রার্থী করেছিল বিজেপি। নির্বাচনে জয়লাভের পর থেকেই বিমল গুরুং পাহাড়ে তাঁর হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন বলে মত অনেকের। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে তিনি দিনরাত দার্জিলিং বিধানসভা এলাকাসহ পাহাড়ের বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন। সেই সঙ্গে জিটিএ-র দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। পাল্টা চাপ তৈরি করতে অনীত থাপাদের দলের তরফে একটি প্রতিনিধিদল শুক্রবার লালকুঠিতে গিয়ে বিমল গুরুংয়ের আমলের জিটিএ-র আয়-ব্যয়ের তদন্ত দাবি করেছে।

    শুক্রবার রাতে দার্জিলিংয়ের সিংমারির দলীয় কার্যালয়ে বিমল গুরুং গোর্খাল্যান্ড পার্সোনেলের (জিএলপি) সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেন। দার্জিলিং আসনে নমন রাই জয়ী হওয়ায় জিএলপি-র তরফে দলের সভাপতি বিমলকে শুভেচ্ছা জানানো হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিমল গুরুং দাবি করেন, ২০১৭ সালের পর থেকে বিনয় তামাং এবং অনীত থাপা পাহাড়কে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন। অনীত থাপা জিটিএ-তে থেকে প্রচুর দুর্নীতি করেছেন বলে অভিযোগ তোলেন। সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের ওই বিতর্কিত মন্তব্য ‘থুতু ছেটানোর’ নিদান দেন।

    এদিনই দলের সাধারণ সম্পাদক রোশন গিরিকে সঙ্গে নিয়ে বিমল গুরুং শিলিগুড়িতে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজতে নতুন করে আলোচনা শুরু করা এবং আন্দোলনকালীন সময়ে নেতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলি প্রত্যাহারের দাবি জানান বিমল।

    বৈঠক শেষে রোশন গিরি বলেন, ‘ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহাড়ে আন্দোলনের সময় নেতাদের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা মামলাগুলি প্রত্যাহারের কথা বলেছিলেন। এদিন সাংসদকে বিষয়টি দেখতে বলা হয়েছে। আমরা পাহাড় নিয়ে নতুন করে আলোচনা শুরু করার দাবি জানিয়েছি।‘ সাংসদ রাজু বিস্তা এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে মোর্চা সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)