• অন্নপূর্ণা ভাণ্ডারের নামে ভুয়ো ওয়েবসাইট! ফাঁদে পা দিলে বড় বিপদ, কীভাবে চলছে প্রতারণা?
    প্রতিদিন | ১৬ মে ২০২৬
  • লোভে পাপ, পাপে মৃত্যু। প্রতারণার ফাঁদে পা দিলেই সর্বস্বান্ত! পুরুলিয়ায় প্রতারণা চক্রের হদিশ পেতেই তদন্তে নেমেছে পুলিশ। বেশ কয়েকটি ঘটনা সামনে এনে সাবধানবাণী পুলিশের। গত কয়েকদিনে পুরুলিয়া সহ সন্নিহিত এলাকায় একাধিক লিঙ্ক বা মেসেজ পাঠিয়ে সাইবার প্রতারকরা অপরাধের জাল বিছিয়েছে। যেখানে পা দিলেই বিপদ। একেবারে সর্বস্ব খোওয়া যাবে। তাই সাবধান বাণী দিয়ে সাধারণ মানুষজনকে সতর্ক করছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ তাদের নিজস্ব সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে ওই অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ওয়েবসাইট সংক্রান্ত বিষয়টি তুলে ধরে সাইবার প্রতারণা থেকে সাবধান হওয়ার কথা বলেছে। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভুয়ো ওয়েবসাইট অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নাম করে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।

    ঘটনা ১:
    ফ্রি রিচার্জ অফার! পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার গঠনের আনন্দে মোদিজি সকল ভারতীয়দের ৭৪৯ টাকার তিন মাসের রিচার্জ একেবারে ফ্রি দিচ্ছেন। তাই এখনই নিচে দেওয়া নীল রঙের লিঙ্কে ক্লিক করে আপনার রিচার্জ গ্রহণ করুন।

    ঘটনা ২:
    অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই অন লাইন প্রসেস অ্যান্ড ডিটেলস। (একটি লিঙ্ক দেওয়া থাকছে) লিঙ্কে ক্লিক করে জেনে নিন আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কি না। এই প্রকল্পের সুবিধা নিতে কী কী নথি লাগবে তাও জেনে আবেদন করুন। লিঙ্কে ক্লিক করে ধাপে ধাপে আপনি বিষটি সবিস্তারে জেনে নিন।

    ঘটনা ৩:
    নজর রাখুন। আপনার গাড়ি ট্রাফিক আইন লঙ্ঘন করেছে। আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন। ডাউনলোড করুন আপনার জরিমারা প্রদান করার আবেদনপত্র। দয়া করে আপনার জরিমানার টালান কাটার ১০০০ টাকা প্রদান করুন। (দেওয়া হচ্ছে একটি লিঙ্ক)।

    রাজ্যে পালা বদলের পর নতুন সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কথা বলেছে। অনলাইনে আবেদন করা যাবে সে কথাও জানিয়েছে। কিন্তু এখনও বিশদে বিজ্ঞপ্তি জারি হয়নি। এর মধ্যেই মোবাইলে- মোবাইলে ভুয়ো ওয়েবসাইট পাঠিয়ে বিভ্রান্ত করছেন সাইবার প্রতারকরা বলে অভিযোগ। সেই ওয়েবসাইট বা মেসেজের ব্লু লিঙ্কে ক্লিক করলেই বিপদের মুখে পড়তে হবে। তাই পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলছেন, “অ্যাপের মধ্যে দিয়ে ব্যক্তিগত সমস্ত তথ্য আধার কার্ড, প্যান কার্ড সাইবার অপরাধীর কাছে চলে যেতে পারে। তাই সাবধান হন। সতর্ক হন। এই সব ধরনের লিঙ্ক, ওয়েবসাইট, মেসেজ এড়িয়ে চলুন। এইরকম কোন সমস্যা হলে সাইবার ক্রাইম থানা বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করুন। আমরাও সমাজ মাধ্যমে এই প্রচার করছি।”

    পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, যে কোনো তথ্যর জন্য সরকারি ওয়েবসাইট ভালো করে যাচাই করুন। অজানা বা অপরিচিত ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত তথ্য, নাম, আধার নম্বর, ব্যাঙ্ক তথ্য ইত্যাদি প্রদান করবেন না। কোন অবস্থাতেই ওটিপি, পিন, পাসওয়ার্ড অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না। সেই সঙ্গে পুলিশের বার্তা, অজানা লিঙ্ক, এসএমএস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বার্তায় পাওয়া লিঙ্কে ক্লিক করবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার কথা বলা হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টের নাম করে গাড়ির নম্বর দিয়ে রীতিমতো পুলিশের মোবাইলেও মেসেজ পাঠানো হচ্ছে। সবে মিলিয়ে সাধারণ মানুষজনকে সতর্ক করেছে পুরুলিয়া জেলা পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)