• ৫৫ দিন পেরিয়েছে আদিবাসীদের আন্দোলন, ধরনামঞ্চে দাঁড়িয়েই সমাধানের আশ্বাস মন্ত্রী টুডুর
    প্রতিদিন | ১৬ মে ২০২৬
  • দীর্ঘদিন ধরে শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো একাধিক দাবিতে টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা। দুর্গাপুরের সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে ৫৫ দিন ধরে চলছে এই ধরনা। এদিন ধরনামঞ্চে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu)।

    আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি দীর্ঘদিন ধরে সরকারের নজরের বাইরে। সেই কারণেই নির্বাচনের আগে তাঁরা ছয় দফা দাবিকে সামনে রেখে লাগাতার ধরনা শুরু করেন। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাঁকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা ও এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করা। এছাড়াও এলাকায় আদিবাসীদের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে।

    শনিবার ধরনামঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি বলেন,”প্রাক্তন তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আদিবাসীদের পাট্টা দেওয়ার। কিন্তু কোনও পাট্টা দিতে পারেনি। ফলে সমস্যার মুখেই দিনযাপন করতে হত আদিবাসী সমাজকে। বিজেপি সরকার গঠন করেছে। আমি একজন পূর্ণ মন্ত্রী হিসেবে সমস্যার কথা শুনে এখানে এসেছি। আমি এলাকার দু’জন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘড়ুইয়ের সঙ্গে আলোচনা করব। সঙ্গে প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন। কাঁকসায় পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলেও নানান সমস্যা রয়েছে। সেই সমস্যাও সমাধানের চেষ্টা করব” বলে আশ্বাস দেন মন্ত্রী টুডু।
  • Link to this news (প্রতিদিন)