• কোথায় পুষ্পা? ফলতায় দাঁড়িয়ে ‘ভাইপোর জাহাঙ্গির’কে তোপ শুভেন্দুর
    প্রতিদিন | ১৬ মে ২০২৬
  • আগামী ২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন। তার আগেই সেখানেই মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম রাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই জাহাঙ্গির খানকে একহাত নিলেন তিনি। একইসঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গির খানকে একহাত নিয়ে তিনি বলেন, ”কোথায় পুষ্পা, দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।” শুধু তাই নয়, শুভেন্দুর কথায়, ”২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম জানিয়েছিল মানবাধিকার কমিশন। সেই তালিকায় জাহাঙ্গির নাম ছিল। ব্যবস্থা হবে।” 

    ফলতা বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ সামনে এসেছিল। গোটা পরিস্থিতি বিচার করে গোটা ফলতা বিধানসভাতেই পুননির্বাচনের নির্দেশ দেয় কমিশন। আগামী ২১ মে ভোট রয়েছে। তার আগে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার হয়ে ফলতায় প্রচার করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকে তৃণমূল প্রার্থী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির খানকে একহাত নেন তিনি। শুভেন্দু বলেন, ”ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কী যেন নাম! সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ এসেছে, সমস্তটার ব্যবস্থা হবে।” শুধু তাই নয়, এই বিষয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। মুখ্যমন্ত্রী বলেন, ”ফলতা আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছি। অনেক বললেন, ভাইপো যতদিন রয়েছেন, ততদিন ভোট দিতে পারেননি। তবে এবার ফলতায় শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশ্বাস শুভেন্দুর। শুধু তাই নয়, এক লক্ষ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজেপি জিতলে ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে বলেও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। 
  • Link to this news (প্রতিদিন)