ছাব্বিশের ভোটের আগে বাংলায় লাগাতার প্রচার করেছেন। একের পর এক বৈঠক করেছেন। অবশেষে বাংলায় প্রথমবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। জয়ের ‘নেপথ্য কারিগর’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সকালে বিজেপির তারকা প্রচারকের নিউটাউনের বাড়িতে যান তিনি। শুভেন্দু ‘সেরা মুখ্যমন্ত্রী’ বলেই দরাজ সার্টিফিকেট দেন ‘মহাগুরু’।
ডায়মন্ড হারবার যাওয়ার আগে নিউটাউনে মিঠুনের বাড়িতে যান শুভেন্দু। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “অত্যন্ত নিঃস্বার্থভাবে বাংলাকে বাঁচানোর জন্য, হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য, মা-বোন, দিদি কন্যাকে সুরক্ষিত করার জন্য নিরলস চেষ্টা করেছেন। পরিশ্রমের কোনও সীমা নেই তাঁর। গত ৮-১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। গত ৩-৪ মাস ধরে কাজ করে গিয়েছেন তিনি। একের পর এক ব়্যালি, সভা করেছেন। এক বছর ধরে মাইক্রো লেভেলেও কাজ করেছেন। নিশ্চিতভাবে আমি মুখ্যমন্ত্রী হয়েছি জনগণের আশীর্বাদে, বিজেপি মনোনীত করেছে। নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যাঁর নাম আসে তিনি নিঃসন্দেহে মিঠুন চক্রবর্তী।”
কেন আচমকা মিঠুনের সঙ্গে দেখা করলেন শুভেন্দু, তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, “জয়ের পর মিঠুনদা আমার সঙ্গে দেখা করতে চান। আমি বলেছি আপনার জেতানো মুখ্যমন্ত্রী বাড়িতে এসে দেখা করে যাবে। তাই আজ মিঠুনদার সঙ্গে দেখা করতে আসি।” প্রায় ঘণ্টাখানেক কথা হয় দু’জনের। তবে কি বড় কোনও পদ পেতে চলেছেন ‘মহাগুরু’? শুভেন্দু জানান, পদ নিয়ে কোনও মাথাব্যথা নেই মিঠুনের। কোনও পদ নিতে চান না। এনইসির সদস্য। দল তাঁকে পদ দিয়েছে।
একথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন মিঠুন। হাসিমুখে নতুন মুখ্যমন্ত্রীর কাঁধে হাত রাখেন। শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট দেন ‘মহাগুরু’। তিনি বলেন, “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্ত থেকে শপথ নিয়েছেন তারপর থেকেই কাজ করছেন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না। আমরা আশীর্বাদধন্য যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। আগামি দিনেও দেখুন কী হয়। ইনি যোদ্ধা। আর আমি তো আছিই পাশে লড়ার জন্য।” বলে রাখা ভালো, এর আগে গত বুধবারও বাংলার বিজেপি সরকারের প্রশংসা করেন মিঠুন। এদিকে, মিঠুনের বাড়ি থেকে বেরিয়ে সোজা ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেন শুভেন্দু।