খোশমেজাজে মন্ত্রী দিলীপ, দখলমুক্ত ভেড়িতে বাইলেন নৌকা, ধরা মাছ ভেজে মুড়ি দিয়ে প্রাতঃরাশ
প্রতিদিন | ১৬ মে ২০২৬
রাজ্যে বিজেপি সরকারে আসার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। মন্ত্রী হওয়ার পরও আজ, শনিবার সকালে দিলীপকে দেখা গিয়েছে পুরনো ভূমিকায়। ভেড়িতে জাল ফেলে মাছ ধরলেন। ভেড়িতে নৌকাও চালালেন। অনুগামীদের ভিড়ে মিশে খোশমেজাজে খেলেন মাছভাজা ও মুড়ি। সল্টলেক এলাকায় ভেড়ি দখলমুক্ত হওয়ার পরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া। মন্ত্রী জানিয়েছেন, “এই ভেড়ি সব আমাদের লোকজনের থেকে দখল করে নিয়েছিল। আবার ওরা ফেরত পেয়েছে।”
এদিন সকালে বিধাননগরের খাসমবল এলাকায় চা-চক্রে যোগ দিয়েছিলেন। অভিযোগ ছিল, ওই এলাকার মাছের ভেড়ি তৃণমূল আমলে দখল হয়ে গিয়েছিল। রাজ্যে পালাবদলের পরে ওইসব ভেড়ি দখলমুক্ত হয়েছে। সেই আবহেই রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে ওই এলাকায় হাজির হয়েছিলেন। ফুলের মালা, মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো জয় মন্ত্রীকে। এরপরই খড়গপুরের চেনা ছন্দে দেখা গেল দিলীপ ঘোষকে। জাল হাতে চলে গেলেন মাছের ভেড়িতে। ভেড়ির জলে জাল ফেলেন তিনি। সেসময় অনুগামীরা এলাকায় ভিড় করে মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ত।
একসময় সেই জাল টেনে তোলেন। ভিতরে তখন জালবন্দি প্রচুর মাছ। সেই মাছই এরপর ভাজা হল। কড়কড়ে মাছভাজা ও মুড়ি দিয়ে খোশমেজাজে প্রাতঃরাশ সারলেন দিলীপ ঘোষ। গাছ থেকে পাড়িয়ে আনা ডাবের জলে গলাও ভেজালেন। প্রিয় নেতাকে এমনভাবে কাছে পেয়ে উৎফুল্ল এলাকার বাসিন্দা। দিলীপ ঘোষ এদিন বলেন, “এইসব ভেড়ি আমাদের লোকজনের থেকে দখল করে নিয়েছিল। আবার ওরা ফেরত পেয়েছে। চাষ করছে।ওদের সঙ্গে দেখা করতে এসেছি।” তিনি আরও বলেন, “২০২১ সালে এখানে মাছ ছেড়েছিলাম আমরা। তারপর সব ভেড়ে দখল হয়ে গিয়েছিল। এখন আবার ওরা ফিরে পেতে খুবই খুশি।” ভেড়িতে নৌকা চালাতেও দেখা গিয়েছে দিলীপকে। ভেড়িতে দাঁড় নিয়ে বেশ কিছু সময় নৌকা চালিয়েছেন তিনি।