• মুখে মুখে প্রশ্ন ‘ফাঁস’ করে রোজগার লক্ষ লক্ষ টাকা, NEET কাণ্ডে এ বার গ্রেপ্তার শিক্ষিকা
    এই সময় | ১৬ মে ২০২৬
  • NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে শনিবার মণীষা মান্ধারে নামে এক লেকচারারকে গ্রেপ্তার করল সিবিআই। মণীষা NEET-UG প্রবেশিকা পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রশ্নপত্র তৈরির কমিটির সদস্য ছিলেন।

    জানা গিয়েছে, মান্ধারে পুনের ‘মডার্ন কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স’-এ কর্মরত। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সূত্র অনুযায়ী, গত ৫-৬ বছর তিনি NTA-এর পক্ষে NEET -এর প্রশ্নপত্র তৈরির কাজে যুক্ত ছিলেন। মূলত, ২০২৬ সালের NEET-এর প্রশ্নপত্রে উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যার (Zoology) প্রশ্ন তৈরির কাজে তিনি সহায়তা করেছিলেন।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মান্ধারে ফাঁস হওয়া প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর মুখে বলে দিয়েছিলেন। তার বিনিময়ে ফি হিসেবে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করেছিলেন। CBI এক বিবৃতিতে জানিয়েছে, এই ক্লাসগুলো চলাকালীন তিনি উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিষয়ের বিভিন্ন প্রশ্ন ব্যাখ্যা করে প্রকাশ করে দেন এবং শিক্ষার্থীদের নির্দেশ দেন যেন তারা সেই প্রশ্নগুলো তাদের নোটবুকে টুকে নেয় এবং পাঠ্যবইয়েও চিহ্নিত করে রাখে। এই প্রশ্নগুলোর অধিকাংশই ৩ মে অনুষ্ঠিত হওয়া মূল পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সঙ্গে হুবহু মিলে গিয়েছিল।

    উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্রের লাতুর থেকে পিভি কুলকার্নি নামে রসায়নের অধ্যাপককে গ্রেপ্তার করা হয়। তিনি এই অপরাধের ‘কিংপিন’ বলে জানিয়েছিলেন তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, কী ভাবে এই চক্র কাজ করেছিল, তার গভীরে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)