রাজ্যের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই এই ঘোষণা করেন তিনি। সোমবার এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
এ দিনের বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, ভালো উদ্দেশ্য নিয়েই রাজ্যে এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছিল। তবে এই বোর্ডের রাজনীতিকরণ হয়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সেটি একটি রাজনৈতিক দলের শাখা সংগঠন হয়েছিল। পুলিশের মঙ্গল কতটা হয়েছে জানি না। কিন্তু শান্তনু সিংহ বিশ্বাস, বিজিতাশ্বর রাউতদের মতো অফিসারদের সুবিধা হয়েছে। আজ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলাম।’
উল্লেখ্য, রাজ্যের পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সমন্বক সমন্বায়ক ছিলেন শান্তনু সিংহ বিশ্বাস। গত বৃহস্পতিবার প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে শান্তনুকে রাতে গ্রেপ্তার করে ইডি। জমি জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওয়েলফেয়ার বোর্ড তুলে দেওয়ার পাশাপাশি পুলিশ-প্রশাসন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ দিনের বৈঠকে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলে বা পুলিশের দ্বারা অন্যান্য ভাবে হেনস্থার শিকার হলেও মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সে ব্যাপারে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।