• দিল্লিতে শুধু ইলেকট্রিক অটো? রাজধানীর দূষণ রুখতে একগুচ্ছ নতুন নিয়ম
    এই সময় | ১৭ মে ২০২৬
  • দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে (NCR) বায়ু দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল বায়ুর গুণমান পরিচালন কমিশন (CAQM)। কমিশন জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র L5 ক্যাটাগরির ইলেকট্রিক তিন চাকার গাড়ি বা অটোরিকশার রেজিস্ট্রেশন হবে। এর পাশাপাশি যে সমস্ত গাড়ির বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র নেই, সেগুলির ক্ষেত্রেও নিয়ম অত্যন্ত কড়া করা হয়েছে। দূষণহীন যান চলাচল বাড়াতেই মূলত এই কড়া পদক্ষেপ।

    সূত্রের খবর, নতুন এই নিয়ম দিল্লিতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে চালু হবে। এর পরে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগর-সহ একাধিক জায়গায় এই নিয়ম কার্যকর হবে। সব শেষে ২০২৯ সালের ১ জানুয়ারি থেকে NCR অঞ্চলের বাকি জায়গায় এই নিয়ম পুরোপুরি লাগু হবে।

    কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে একটি বিশেষ নিয়ম চালু হচ্ছে দিল্লিতে। বৈধ দূষণ শংসাপত্র বা PUCC না থাকলে NCR-এর কোনও পাম্প থেকে সেই গাড়িকে তেল বা জ্বালানি দেওয়া হবে না। গাড়িগুলির নম্বর প্লেট চেনার জন্য ‘অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন’ ক্যামেরা বা অন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। তবে চিকিৎসাজনিত জরুরি অবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা, বিপর্যয় মোকাবিলা বা সরকারের ঘোষণা করা কোনও বিশেষ পরিস্থিতিতে এই নিয়মে ছাড় দেওয়া হতে পারে। দিল্লি এবং NCR প্রশাসনকে দ্রুত এই ক্যামেরা ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগে দিল্লির বায়ুর মানের উল্লেখযোগ্য উন্নতির কথা জানিয়েছিল কমিশন। যার জেরে বায়ুর গুণমান পরিচালন কমিশন ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ বা GRAP-র প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আগামী দিনগুলিতে দিল্লির বাতাসের মান সন্তোষজনক থেকে মাঝারির মধ্যেই থাকবে। তবে ভবিষ্যতের কথা ভেবে এবং দূষণ কমাতে এখন থেকেই এই বড় ইলেকট্রিক গাড়ি ও জ্বালানির নিয়ম চালু করার সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।

  • Link to this news (এই সময়)