'পুরসভা থেকে তথ্য আনলাম!' অভিষেককে নিশানা শুভেন্দুর
আজকাল | ১৭ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক বৈঠক করতে প্রথমেই ডায়মন্ড হারবারকে বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর ফলতায় দলীয় সভায় উপস্থিত হয়ে নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ''মাননীয় ভাইপোবাবু, কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। পুলিশকে বলেছি খাতা-পেন নিয়ে বসুন। যত অভিযোগ রয়েছে, পদক্ষেপ করুন। কোনও এলাকায় গুন্ডা থাকবে না।''
এরপরই ফলতার সভা থেকে শুভেন্দু অধিকারী নিশানা করেন অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরকে। রীতিমতো ডাকাত বলে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কী যেন নাম। আর গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না তো। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর এই জাহাঙ্গির ছিল। ওর ব্যবস্থা করব। আমার উপর ছেড়ে দিন।''
আরজি কর কাণ্ড নিয়েও এরপর মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর কথায় যাঁরা প্রমাণ লোপাট করেছেন, আগের হেরো মুখ্যমন্ত্রীর কথায় যাঁরা ঘুষ দিতে গিয়েছিলেন, তাঁরা সবাই সাসপেন্ড। এখানেও ছাড়া হবে না। ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর আপ্তসহায়কের কথায় যাঁরা ডায়মন্ড হারবার, ফলতার মানুষদের উপরে অত্যাচার করেছেন, আমি শুভেন্দু অধিকারী বলছি, তাদের সব কিছু খুঁজে বের করব।'' শুভেন্দু ফলতার আমজনতার উদ্দেশে বলেন, ''ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এই পুনর্নির্বাচনে শুধু দেবাংশুকে জেতানো নয়, মোট ভোটার ২ লক্ষ ২৫ হাজার। এক লক্ষ ভোটে দেবাংশুকে জিতে পাঠাবেন।''
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম জেলা সফরেই প্রশাসনিক কড়াকড়ির স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর জেলা সফর শুরু হল রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবার থেকে, যা দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশেষত, এই এলাকা অভিষেক ব্যানার্জি লোকসভা কেন্দ্র হওয়ায় প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী হিসাবে একের পর এক কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।