• কবিতা বিতর্কে শেষমেশ জামিন শ্রীজাত'র!
    আজকাল | ১৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরানোর মন্তব্য ঘিরে দায়ের হওয়া মামলায় নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে শর্তসাপেক্ষ জামিন পেলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 

    ২০১৯ সালে তাঁর লেখা ‘অভিশাপ’ কবিতার একটি লাইনে ত্রিশূল নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ওই মন্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই ঘটনায় কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেন আইনজীবী রমিত শীল। অভিযোগ, একাধিকবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হননি শ্রীজাত। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

    অবশেষে শনিবার তিনি সশরীরে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানির পর আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। বিচারক নির্দেশ দেন, কলকাতায় নিজের বাড়ি এবং কৃষ্ণনগর আদালত চত্বর ছাড়া আপাতত অন্য কোথাও যেতে পারবেন না তিনি। 

    পাশাপাশি ২ হাজার টাকার রেজিস্টার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়। অভিযোগকারী পক্ষের আইনজীবী বিশ্বদীপ টামটা জানান, শ্রীজাতের ওই মন্তব্যে সমগ্র হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাঁর দাবি, এই মন্তব্যের জেরে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আদালতে বারবার সমন পাঠানো হলেও হাজিরা না দেওয়ায় শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়। তিনি আরও বলেন, আদালতের কাছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে এবং তাঁরা সুবিচারের আশায় রয়েছেন।
  • Link to this news (আজকাল)