'মাত্র একজন সার্জেন!', বিদ্যাসাগর হাসপাতালে গিয়ে bangla.aajtak.in-কে বললেন ইন্দ্রনীল
আজ তক | ১৭ মে ২০২৬
'লক্ষ লক্ষ মানুষের এই এলাকায় একটি মাত্র বিদ্যাসাগর হাসপাতাল রয়েছে...সবাইকে পিজিতে ছুটতে হয়। আমরা আসলে এলাকার উন্নয়ন হবে... বিদ্যাসাগর হাসপাতালকে ঢেলে সাজান হবে। এখানে হার্ট, স্নায়ু, ক্যান্সার সহ একাধিক সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসা মিলবে।', ভোটের আগে একান্ত সাক্ষাৎকারে bangla.aajtak.in-কে এমনটাই বলেছিলেন বেহালা পশ্চিমের তৎকালীন বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডা: ইন্দ্রনীল খাঁ। আর ভোটে জেতার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালেই গেলেন এলাকার বিধায়ক। দেখা করলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তারপর আমাদের কাছে হাসপাতালের চিত্র নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন। পাশাপাশি দিলেন দ্রুত আধুনিক চিকিৎসা চালু করার প্রতিশ্রুতি।
এ দিন তিনি আমাদের কাছে অভিযোগ করেন, 'এত বড় হাসপাতালে নীল সাদা রং। কিন্তু হাসপাতাল জুড়ে রয়েছে মাত্র একজন সার্জেন!'
এখানেই থেমে না থেকে তাঁর দাবি, এই হাসপাতালে পর্যাপ্ত কর্মীই নেই। পাশাপাশি নেই কোনও স্পেশালিস্ট বিভাগ। হার্টের চিকিৎসা পাওয়া যায় না। স্ট্রোকের চিকিৎসা পাওয়া যায় না। মেলে না কোনও স্পেশালিটি সার্ভিসই।
ডা: ইন্দ্রনীলের কথায়, 'রোগী পরিষেবার এখানে কোন ব্যাপারই নেই। এখানে পুরো দালালের রাজ চলে। রোগী রেফার হয়। রেফার হতে বাধ্য। কারণ, স্পেশালিস্ট বিভাগই তো নেই। এখানে এসএনসিইউ নেই। ব্লাড ব্যাঙ্ক নেই। রক্তের জন্য এখান থেকে মানুষকে মানিকতলা যেতে হয়। পুরো হাসপাতালে একজন মাত্র প্যাথোলজিষ্ট। এইভাবে কি কোনও হাসপাতাল চলতে পারে?'
হাসাপাতালের রোগ সারাতে কী দাওয়াই?
এখন তিনি বিধায়ক। তাই শুধু সমস্যার কথা বললে চলবে না। বরং করতে হবে সমাধান। আর সেটা বোঝেন রাজ্য বিজেপির যুব সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি সুপারকে বলেছি, আপনি দ্রুত লিখিতভাবে কী কী কমতি রয়েছে, সেটা স্বাস্থ্য ভবনে দিন। তার একটা কপি আমাদের দিতে বলেছি। আমি নিজেও স্বাস্থ্য ভবনে এই বিষয়ে বিস্তারিত মিটিং করব।'
স্বাস্থ্য ব্যবস্থাতেও সুশাসন ফিরবে বলে দাবি
বেহালা পশ্চিমের বিধায়ক মনে করেন, তৃণমূল আমলে হাসপাতালগুলি দুর্নীতির আঁতুরঘর হয়েছিল। সেই সমস্যা কাটবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। ইতিমধ্যেই স্বাস্থ্যকর্তা এবং হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে পরিষেবা ফেরানোর ডাক মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে দাবি করলেন ডা: ইন্দ্রনীল। পাশাপাশি জানালেন, শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে আগামী সোমবার বিজেপির সকল বিধায়ক চিকিৎসক স্বাস্থ্য ভবনের আধিকারিকরদের সঙ্গে বিস্তারিত বৈঠক করবেন।