• আরজি কর মামলায় এবার নতুন বেঞ্চ গঠন
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৬
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় নতুন মোড় এল কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থা ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলার শুনানি থেকে সরে দাঁড়ানোর পর, নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে এবার থেকে মামলার শুনানি করবেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার থেকেই নতুন বেঞ্চে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এর আগে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়েছিল, আরজি কর মামলার গুরুত্ব অত্যন্ত বেশি এবং এই মামলার দিকে গোটা রাজ্যের নজর রয়েছে। পাশাপাশি আদালতে মামলার চাপও অনেক বেড়েছে। তাই এমন একটি নির্দিষ্ট বেঞ্চের প্রয়োজন, যারা পর্যাপ্ত সময় দিয়ে বিস্তারিত শুনানি করতে পারবেন।

    এদিকে আদালত সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার আরজি কর কাণ্ডে একটি উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় কমিশন গঠনের বিষয়েও ভাবনা-চিন্তা করছে। সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, পুরো ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।

    রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আরজি কর ও সন্দেশখালির মতো বহুচর্চিত ঘটনার তদন্তে নতুন পদক্ষেপের কথা বলছিল। সেই প্রেক্ষিতেই জুডিশিয়াল কমিশন গঠনের সম্ভাবনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    বর্তমানে সিবিআই এই মামলার অপরাধমূলক তদন্ত চালাচ্ছে। তার পাশাপাশি যদি রাজ্য সরকার আলাদা কমিশন গঠন করে, তাহলে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ায় নতুন দিক খুলে যেতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)