• গড়িয়ায় চপার হামলায় জখম বিজেপি কর্মী, ধৃত অভিযুক্ত
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৬
  • গড়িয়ায় শনিবার দুপুরে প্রকাশ্য রাস্তায় এক যুবকের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মহুয়া সিনেমা হলের উল্টো দিকের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম অনির্বাণ মুখোপাধ্যায়। তিনি গড়িয়ার ৫৩০, কানুনগো পার্ক এলাকার বাসিন্দা। শনিবার দুপুর প্রায় ১২টা ৩৫ মিনিট নাগাদ তিনি এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই সুদীপ দাস ওরফে ‘খাটাস’ ওরফে ‘বুড়ো’ নামে এক ব্যক্তি ধারালো কাটারি নিয়ে তাঁর উপর হামলা চালায়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা হামলায় রাস্তায় লুটিয়ে পড়েন অনির্বাণ। তাঁর হাতে গুরুতর আঘাত লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হাতের কয়েকটি আঙুল কেটে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    অভিযুক্ত সুদীপ দাস (৩৫) পাটুলি থানার অন্তর্গত সাউথ এন্ড পার্ক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে শুরু হয় তদন্ত। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

    এই হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও স্থানীয় সূত্রে রাজনৈতিক যোগের অভিযোগও উঠেছে। তবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পুলিশ। ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)