খোদ তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি অনুপ্রবেশকারী? ওই নেতাই তাঁকে সীমান্ত পেরিয়ে নিয়ে এসেছিলেন! শুধু তাই নয়, নিজের বাবাকে ওই অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে তৈরি করা হয়েছিল ভোটার কার্ড-সহ যাবতীয় নথি। শেষপর্যন্ত স্থানীয়রাই ওই অনুপ্রবেশকারী যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছে ওই যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদিন। বিধানসভা ভোটের ফল বেরনোর আগে পর্যন্ত তিনি এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত ছিলেন। অভিযোগ, বেশ কয়েক বছর আগে বাংলাদেশের এক অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করিয়ে এদেশে নিয়ে এসেছিলেন! শুধু তাই নয়, নিজের বাড়িতে থাকতেও দিয়েছিলেন তিনি।
এখানেই শেষ নয়। জয়নাল আবেদিন নিজের বাবাকে ওই অনুপ্রবেশকারীর ‘বাবা’ সাজিয়েছিলেন! ভোটার কার্ড-সহ পরিচয়পত্র বানানো হয়েছিল। ওই অনুপ্রবেশকারীর নাম শহিদুল গাজি। তিনি বাংলাদেশের সাতক্ষিরা জেলার শ্যামনগর থানা এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা ওই অনুপ্রবেশকারীকে নিজের মাছের ভেড়িতে আশ্রয় দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই অনুপ্রবেশকারী স্থানীয় এক তরুণীকে বিয়ে করে ঘর সংসারও শুরু করেছেন! অভিযোগ, স্থানীয়রা হিঙ্গলগঞ্জ থানায় এই বিষয়ে একাধিকবার জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।সরকার বদল হওয়ার পরেই স্থানীয়রা শনিবার গভীর রাতে হানা দিয়েছিল সেখানে। ওই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই যুবককে আটক করেছে তদন্ত চালাচ্ছে।