• পুরসভায় দুর্নীতির অভিযোগ, উদয়ন ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেত্রী গ্রেপ্তার দিনহাটায়, পলাতক প্রাক্তন চেয়ারম্যান
    এই সময় | ১৭ মে ২০২৬
  • পুরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতি মামলায় তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল দিনহাটা পুলিশ। তিনি প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শনিবার দিনহাটার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শুধু মৌমিতা নন, এই দুর্নীতির ঘটনায় দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। তবে বাড়িতে পুলিশ পৌঁছনোর আগেই তিনি পালিয়ে যান বলে অভিযোগ।

    মৌমিতা দিনহাটা পুরসভার কর্মী। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে পুরসভার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে তাঁকে আটক করে পুলিশ। দিনহাটা থানায় নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পরেই প্রাক্তন পুরপ্রধান গৌরশঙ্করের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তদন্তকারীদে অনুমান, গ্রেপ্তারি এড়াতে তিনি আগেই গা ঢাকা দেন। রাত পর্যন্ত তাঁর কোনও হদিশ মেলেনি।

    অবৈধ ভাবে টাকার বিনিময়ে দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়া হতো বলে প্রথম বার অভিযোগ জমা পড়ে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর। সেই সময়েও গৌরীশঙ্কর, মৌমিতা এবং একাধিক পুরকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল দিনহাটা পুলিশ। শুধু তাই নয়, পুরসভার কর্মচারী উত্তম চক্রবর্তী, ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্ত ও হরি বর্মনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে অবশ্য তিন জনই জামিন পেয়ে যান। ধীরে ধীরে ঠান্ডা ঘরে চলে যায় পুরো তদন্ত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময়ে মোট ১৭টি প্ল্যান জালিয়াতির অভিযোগ জমা পড়েছিল থানায়। তাতে প্রাক্তন পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরীর সই ছিল বলে অভিযোগ। তবে তাঁর সই জাল করা হয়েছিল বলে দাবি করেছিলেন গৌরীশঙ্কর। এই ঘটনার পরে পুরপ্রধানের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। রাজ্যে পালাবদলের পরেই ফের দুর্নীতি কাণ্ডের ফাইল খোলা শুরু হলো। আর তাতেই গ্রেপ্তার করা হলো মৌমিতাকে।

    তৃণমূল নেত্রী তথা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যর গ্রেপ্তারির খবর নিশ্চিত করেছেন দিনহাটার মহকুমা পুলিশ অফিসার প্রশান্ত দেবনাথ। তিনি বলেন, ‘ঘটনার তদন্ত জারি রয়েছে। মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গৌরীশঙ্কর মাহেশ্বরীর খোঁজে তল্লাশি চলছে।’

  • Link to this news (এই সময়)