• ‘বাড়িতে হামলা, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে’, পুলিশি নিরাপত্তা চাইলেন স্বপ্না বর্মন
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়িতে হামলা হচ্ছে। এমনকী ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। এমনই অভিযোগ এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের। এবারের বিধানসভা নির্বাচনে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। স্বপ্নার দাবি, ভোটের ফল বেরনোর পর থেকে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। শনিবার জলপাইগুড়ির কোতোয়ালি থানায় এসে পুলিশি নিরাপত্তার আর্জি জানান তিনি। বিজেপির দুষ্কৃতীরা স্বপ্নার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

    এদিকে, স্বপ্না বর্মনের পরিবারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কার্যত গোটা গ্রাম। এদিন জলপাইগুড়ির পাতকাটা পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দারা দল বেঁধে থানায় আসেন। স্বপ্নার দুই দাদার বিরুদ্ধে এলাকায় ‘ত্রাস’ সৃষ্টির অভিযোগে সরব হন তাঁরা। শুক্রবার রাতে তাঁর বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন স্বপ্না। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগানোর ঘটনা সম্পূর্ণ মিথ্যে। নিজেরাই এসব করে ‘সহানুভূতি’ আদায়ের চেষ্টা করছেন স্বপ্না। 

    রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকারের মন্তব্য, এলাকার লোকজনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, স্বপ্না বর্মনের বাড়িতে কেউ আগুন লাগাননি। পারিবারিক অন্তর্কলহের জেরেই এসব ঘটছে। তবুও বলব, প্রশাসন তদন্ত করে দেখুক। 

    জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন, স্বপ্না বর্মন অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করছে। তাঁর এলাকায় পুলিশি টহল রয়েছে। গ্রামবাসীরাও কিছু অভিযোগ করেছেন। সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, স্বপ্নার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এদিন তদেন্তে যায় ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তারা। 

    থানায় দাঁড়িয়ে স্বপ্না বলেন, আমি খেলাধুলোর জগৎ থেকে এসেছি। দেশের জন্য কিছু তো করেছি। কিন্তু রাজনীতি যে এত নির্মম, জানা ছিল না। ভোটে হার-জিৎ থাকতে পারে। কিন্তু তা বলে আমার উপর এবং আমার পরিবরের উপর যা চলছে, তাতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশকে জানালাম। নিরাপত্তা চেয়েছি। 

    শুক্রবার কালীঘাটে দলের পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দেননি স্বপ্না। আগামী দিনে তিনি কি রাজনীতি করবেন? স্বপ্নার বক্তব্য, আমি লড়াই করতে জানি। লড়াই করে উঠে এসেছি। কী করব, সেটা সময় বলবে। তবে যে প্ল্যাটফর্মে থাকি না কেন, লড়াই জারি থাকবে। 

    তাঁর বাড়িতে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাঙা হয়েছে বলে অভিযোগ স্বপ্নার। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় এবং সরাসরি তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী তাঁকে মুখ চেপে ধরে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর পরিচিতরাও যুক্ত থাকতে পারে বলে অভিযোগ স্বপ্নার। 

    এদিকে, স্বপ্নার দুই দাদার বিরুদ্ধে তোপ দেগে এদিন থানায় দাঁড়িয়ে ঘোষপাড়ার বাসিন্দা স্বপন সেন বলেন, স্বপ্না যখন এশিয়াডে সোনা জিতেছিলেন, তখন তাঁকে মালা পরিয়ে আমরা বাড়ি নিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন তাঁর দুই দাদার অত্যাচারের বিরুদ্ধে আমরা থানায় আসতে বাধ্য হলাম। অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি সাজানো বলে থানায় দাঁড়িয়ে দাবি করেন স্বপ্নার আত্মীয় শ্যামল বর্মন, ননীবালা বর্মন। • কোতোয়ালি থানায় স্বপ্না বর্মন। 
  • Link to this news (বর্তমান)