সরকার পরিবর্তন হতেই খুলল ফাইল, বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেত্রী
বর্তমান | ১৭ মে ২০২৬
সংবাদদাতা, দেওয়নহাট: দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার বিকেলে দিনহাটা থানার পুলিশ বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে পুরকর্মী তথা যুব তৃণমূলের প্রাক্তন শহর ব্লক সভানেত্রী মৌমিতাকে গ্রেপ্তার করে। ২০২৫ সালের জানুয়ারি মাসে পুরসভার জাল প্ল্যান কাণ্ডে পুলিশ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল মৌমিতাকে। এদিন পুরসভার ওই কর্মী ছাড়াও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরীর বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশের টিম। তবে তিনি বাড়িতে সেই সময় ছিলেন না। সূত্রের খবর, তার খোঁজ শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
২০২৪ সালে দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল শহরে। অভিযোগ হওয়ার পর দুর্নীতির তদন্তে নেমে পুলিশ ২০২৪ সালে গত ৩০ ডিসেম্বর পুরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে প্রথমে গ্রেপ্তার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর ৪ জানুয়ারি পুরসভার ইঞ্জিনিয়ার হরি বর্মন ও পুরসভার এম প্যানেল ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্তকে গ্রেপ্তার করে দিনহাটা থানা। সেসময় তাদের পুলিশ রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল। তাতেই অনেকের নাম উঠে আসে। এরপর পুরসভার হেড ক্লার্ক জগদীশ সেন ও ক্যাশিয়ার সম্রাট দাস সহ দু’জন গ্রুপ ডি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। থানায় ডেকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তত্কালীন পুর চেয়ারম্যান গৌরীশংকরকে।
যদিও পরবর্তীতে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন গৌরীশংকর। কিন্তু কিছুদিন পর কোনো অজ্ঞাত কারণে পুরসভার প্ল্যান পাশ দুর্নীতির তদন্তের গতি হারায়। ধামাচাপা পড়ে যায় সব। এরপর সরকার পরিবর্তন হতেই ফের এদিন উদয়ন ঘনিষ্ঠ যুব তৃণমূল নেত্রী পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তারের পর প্রাক্তন পুর চেয়ারম্যান গৌরীশংকরের বাড়িতে পুলিশি তল্লাশিতে ধামাচাপা পড়ে যাওয়া বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে নতুন মোড় নিল। দিনহাটার এসডিপিও প্রশান্ত দেবনাথ বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, এতদিন পুলিশ তৃণমূলের নেতাদের চাপে ভালোভাবে কাজ করতে পারেনি। এখন তারা বাধাহীনভাবে তদন্ত করবে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দিনহাটা পুরসভার বর্তমান চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী বলেন, আইন আইনের পথেই চলবে।