• জাল লটারি চক্রের অন্যতম পান্ডা তৃণমূল নেতা গ্রেপ্তার
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জাল লটারি চক্রের অন্যতম পান্ডা হিসেবে এবার গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি রন্তু দাস। সঙ্গে গ্রেপ্তার নবাব আলি নামে চক্রের আরও একজন। দুজনের বিরুদ্ধেই জাল লটারি চক্র চালানোর অভিযোগ রয়েছে। শনিবার দুজনকে জেলা আদালতে হাজির করা হয়। ধৃতদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে জাল লটারির কারবার চালানো, প্রতারণা, জালিয়াতির মতো একাধিক ধারায় পুলিশ মামলা রুজু করেছে। আদালত সূত্রে খবর, ধৃতদের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার কুলদীপ সোনাওয়ানে বলেন, পুলিশ ভুয়ো লটারির ব্যাপারে তদন্তে নেমে বেশ কয়েকজন প্রভাবশালীর নাম পেয়েছে। যার মধ্যে অন্যতম  রন্তু। গ্রেপ্তার হয়েছে মোট দুজন। তল্লাশি অভিযান সবে শুরু হয়েছে। তদন্ত যত এগবে  নতুন তথ্য মিলবে।

    পুলিশ সূত্রে খবর, ধৃতরা এতদিন রাজ্যের শাসকদলের গুরুত্বপূর্ণ পদে থেকে লটারির জাল টিকিট কারবার চালাচ্ছিলেন। শুধু রায়গঞ্জ শহর নয়, জেলার প্রায় সব ব্লকে লটারির জাল টিকিট কারবারের জাল বিস্তার করেছিলেন তাঁরা। শাসকদলের প্রভাব প্রতিপত্তির ভয়ে  অনেকেই মুখ খুলতেন না। দু-চারজন লটারির জাল টিকিট বিক্রির দায়ে গ্রেপ্তার হলেও মূল চক্রী ধরা পড়েনি। কিন্তু রাজ্যে সরকার বদল হতেই জালিয়াতি কারবারের ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। তারপরই এই কারবারের সঙ্গে জড়িত দুজনের এই গ্রেপ্তারি। 

    এদিন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রায়গঞ্জ থানায় আনার সময় রন্তু বলেন, আমাকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যজুড়ে এই গ্রেপ্তারি চলছে। আমাকেও রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল  কথা বাড়াননি। তিনি শুধু বলেছেন, আইন আইনের পথে চলবে।
  • Link to this news (বর্তমান)