হলদিয়ায় শিল্প সংস্থার অফিসারের অনলাইন শপিং অ্যাকাউন্ট হ্যাক করে ৩ লক্ষ লোপাট
বর্তমান | ১৭ মে ২০২৬
সংবাদদাতা, হলদিয়া: বন্দর শহরে পরপর সাইবার প্রতারণায় প্রায় ৫লক্ষ টাকা খোয়ালেন তিন ব্যক্তি। কেউ অনলাইনে কেনাকাটা করতে গিয়ে সাইবার প্রতারকদের খপ্পরে পড়েছেন, কারও অনলাইন শপিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকরা কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। হলদিয়ার নামী শিল্প সংস্থার আধিকারিক থেকে ব্যবসায়ী রয়েছেন ওই তালিকায়। সকলেই হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার একটি নামী বেসরকারি সংস্থার এক আধিকারিকের অনলাইন শপিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকরা তিন লক্ষ ৩০ হাজার ৭০০টাকা হাতিয়ে নিয়েছে অভিযোগ দায়ের হয়েছে। তিনি টাউনশিপে একটি আবাসনের বাসিন্দা। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক থেকে ওই আধিকারিকের কাছে ফোন আসে। একসঙ্গে এত টাকা কেনাকাটা করেছেন কি না জানতে চাওয়া হয়। তখনই ওই প্রতারণার বিষয়টি নজরে আসে ওই আধিকারিকের। এসবিআই কার্ডের মাধ্যমে নেট ব্যাঙ্কিং খতিয়ে দেখে তাঁর চোখ কপালে ওঠার জোগাড় হয়। অনলাইন শপিং অ্যাপে তাঁর যে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে বিল ছাড়া কেনাকাটা হয়েছে। তাঁর অজান্তেই কেউ ওই কাজ করেছে। তাঁর কাছে কেনাকাটার সময় কোনও ওটিপিও আসেনি। ওই আধিকারিকের দু’টি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, সাইবার প্রতারকরা অনলাইন শপিং অ্যাকাউন্ট হ্যাক করেছে।
ওই টাউনশিপের আর এক বাসিন্দা অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়েছেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে বলে পুলিসে অভিযোগ করেছেন। ওই ব্যক্তি বিজ্ঞাপন দেখে ২৯৮টাকা দিয়ে কোনও একটি জিনিস কেনার অর্ডার দেন। ওইসময় তাঁর কাছে একটি ফোনকল আসে। তাঁকে পেমেন্টের জন্য ক্রেডিট কার্ডের ডিটেল চায়। অভিযোগ, সাইবার প্রতারকরা ওই সময়ই তাঁর অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তিনি ব্যাঙ্কে গিয়ে ওই খবর জানতে পারেন। হলদিয়া থানা এলাকায় হাতিবেড়িয়ার এক বাসিন্দা ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে। অভিযোগ, সাইবার প্রতারকরা মোবাইল হ্যাক করে নেট ব্যাঙ্কিংয়ের তথ্য হাতিয়ে টাকা তুলেছে। ওই ব্যক্তির মোবাইল হঠাৎ অটো আপডেট হতে শুরু করে। এরপর ফোনে রিবুট অপশন এলে তা ক্লিক করতেই মোবাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সের মেসেজ আসে। ততক্ষণে ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ৪৯ হাজার, ২৬ হাজার ৯০০ এবং ৩১ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এরপরই হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। পুলিস তিনটি ঘটনায় তদন্ত করছে। তদন্তকারী আধিকারিকরা বলেন, অনলাইন গেম খেলতে গিয়ে কয়েক মাস আগে হলদিয়া থানা এলাকার অনেক আধিকারিক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী টাকা খোয়াচ্ছিলেন। তবে বেশকিছু হল সেই প্রবণতা কমেছে। এবার অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকে। এজন্য অপরিচিত মেসেজ বা লিঙ্ক এলে সেখানে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।