নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সাত বছর আগের একটি কবিতা নিয়ে মামলায় শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে এসেছিলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এসিজিএম অশোক হালদারের এজলাসে শর্তসাপেক্ষে শ্রীজাত বন্দোপাধ্যায় জামিন পান। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সামাজিক মাধ্যমে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত। অভিযোগ, কবিতায় হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এবং শিবের ত্রিশূল নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। ২০১৯ সালে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের করেন আইনজীবী রোমিত শীল। আদালতের তরফে সমন পাঠানো হলেও নির্ধারিত সময়ে হাজিরা দেননি কবি। গত ২০ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। শনিবার এসিজিএম অশোক হালদারের এজলাসে হাজির হয়ে জামিনের আবেদন জানান শ্রীজাত। মামলাকারীর পক্ষ সেই জামিনের বিরোধিতা করে। আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। তবে অনুমতি ছাড়া কৃষ্ণনগর ও কলকাতার বাইরে যেতে পারবেন না শ্রীজাত। পাশাপাশি তাঁকে দু’হাজার টাকার বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।