• মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, ধৃত যুবক
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ার এক মহিলার প্রতি আক্রোশ ছিল। তার জেরে ওই মহিলার নামে ভুয়ো মেল আইডি খুলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন এক যুবক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি নির্বাচন কমিশন ও একাধিক রাজনীতিবিদদের একই মেল করেন তিনি। শনিবার গার্ডেনরিচ থানা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে লালবাজার। ধৃতের নাম হাসনিম ইকবাল (২৭)। লালবাজারের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার (ডিডি, স্পেশাল) বিদিতরাজ ভুন্দেশ বলেন, নিজেকে আল-কায়েদা জঙ্গি পরিচয় দিয়ে ভুয়ো মেল পাঠায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্বাচনের পরই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে একটি হুমকি মেল পৌঁছয়। একইসঙ্গে, রাজ্যের একাধিক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে খুনের হুমকি দিয়ে মেল যায়। খবর পৌঁছয় লালবাজারে। প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে। মেলের প্রেরক একজন মহিলা। তিনি গার্ডেনরিচের বাসিন্দা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একইসঙ্গে, তাঁর মেল আইডি খতিয়ে দেখা হয়। দেখা যায়, যে আইডি থেকে মেল পাঠানো হয়েছিল সেটির সঙ্গে মহিলার ব্যক্তিগত আইডির কোনো মিল নেই। শুধু তাই নয়, যে আইডি থেকে হুমকি মেল গিয়েছে, সেটি নতুন। মেলটি ওই মহিলার নাম করে পাঠানো হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)