কলকাতা পুলিশে ২০ হাজার নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর, পুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন
বর্তমান | ১৭ মে ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: এসআইআরে নাম বাদ গেলেও সিএএ-তে আবেদন করলেই মিলবে সরকারি সুযোগ-সুবিধা। বন্ধ হবে না রেশন। ভোটাধিকারের আবেদন ট্রাইবুনালে বিবেচনাধীন থাকলেও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না তাঁরা। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ‘উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যাঁরা আছেন, তাঁরা সিএএ-তে আবেদন করুন। তাহলে কোনো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না।’ এদিন বনগাঁয় সাংবাদিক সম্মেলন করে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘এসআইআরে নাম বাদ গেলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যাঁদের নাম বাদ যাবে. তাঁরা সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তাহলেই সমস্ত সরকারি সুযোগ মিলবে। রেশনও বন্ধ হবে না।’
নতুন সরকার খাদ্যদপ্তরে ঘুঘুর বাসা ভাঙবে বলেও হুশিয়ারি দিয়েছেন অশোক। তিনি বলেন, ‘খাদ্যদপ্তরকে দুর্নীতি মুক্ত করব। বেআইনিভাবে এদেশে আসা নাগরিকদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড বাতিল করা হবে। নির্মূল করা হবে জাল রেশন কার্ড তৈরির চক্র।’ অভিযোগ, সীমান্তবর্তী শহর বনগাঁয় অনুপ্রবেশ নিত্যদিনের ঘটনা। চোরাপথে এদেশে এসে বেআইনিভাবে রেশন কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র তৈরি করেছে অনেকেই। ১০ নম্বর ফর্ম জমা দিয়ে বহু মানুষ রেশন কার্ডকে পরিচয়পত্র হিসাবে কাজে লাগাচ্ছে। মন্ত্রী বলেন, ‘এসব আর চলবে না। ব্যবস্থা নেওয়া হবে।’ বনগাঁবাসীর জন্য এদিন নানা প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘বনগাঁকে আমরা সোনার বনগাঁ হিসাবে গড়ে তুলব। দুর্নীতিতে যুক্ত নেতাকর্মীরা কেউ ছাড় পাবে না।’ আইনশৃঙ্খলা নিয়ে অশোকবাবুর কড়া বার্তা, ‘সমাজে কোনো গুন্ডা থাকবে না। নতুন করে কোনো গুন্ডা জন্ম নেবে না। গুন্ডা একটাই থাকবে, তা হল প্রশাসন, যারা মানুষের নিরাপত্তায় কাজ করবে।’ এদিন বনগাঁ নিউ মার্কেটে গিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। নতুন করে সমিতি গড়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের।