• আদিবাসী উন্নয়ন ইস্যুতে বিধায়কদের বিশেষ শিবির, উপদেষ্টা কমিটি ভাঙল রাজ্য সরকার
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের আদিবাসীদের উন্নয়ন নিয়ে নতুন করে কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। ২০ মে তফসিলি উপজাতি সম্প্রদায়ের বিধায়কদের নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করছে রাজ্য। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজারহাটের আদিবাসী ভবনে হবে বৈঠক। বিধানসভা ভোটে তফসিলি উপজাতি সংরক্ষিত আসনে জয়ী ১৬ বিধায়ক এবং অন্যান্য আসন থেকে জয়ী দুই তফসিলি উপজাতি সম্প্রদায়ের বিধায়ককে নিয়ে শিবির হবে বলে জানা গিয়েছে। বৈঠকের নেতৃত্ব দেবেন আদিবাসী উন্নয়ণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। 

    জানা গিয়েছে, আদিবাসীদের উন্নয়ন সংক্রান্ত প্রকল্প নিয়ে শিবিরে আলোচনা হবে। সে বিষয়ে বিধায়কদের পরামর্শ নেওয়া হবে। তার উপর ভিত্তি করে নতুন প্রকল্প শুরুর সম্ভাবনা রয়েছে। বিধায়কদের থেকে তাঁদের এলাকার সমস্যার কথা জানা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জানা গিয়েছে, বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ৪টি গুরুত্বপূর্ণ আদিবাসী উপদেষ্টা ও অ্যাকাডেমি কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মনোনীত সদস্যের মেয়াদ বাতিল করেছে আদিবাসী উন্নয়ন দপ্তর। কমিটিগুলি হল, ওয়েস্টবেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজরি কাউন্সিল, পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকাডেমি, আদিবাসী গুণীজন সংবর্ধনা পুরস্কার নির্বাচন কমিটি এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পর্ষদ। এছাড়াও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীনে থাকা সমস্ত উন্নয়ন এবং সাংস্কৃতিক বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সদস্যদের মেয়াদ বাতিল হয়েছে।
  • Link to this news (বর্তমান)