• বিজেপির উত্থান নিয়ে আলোচনা সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের পর্যালোচনা করতে শনিবার থেকে দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু হল আলিমুদ্দিন স্ট্রিটে। প্রথম দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।

    সূত্রের খবর, জেলার নেতারা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, সাধারণ মানুষের মধ্যে প্রবল তৃণমূল বিরোধিতা ছিল। সেই তৃণমূল বিরোধিতার ফলে বিজেপিতে ভোট গিয়েছে। তার সঙ্গে আরএসএস বিভিন্ন এলাকায় তাদের কাজকর্ম গভীরভাবে সংগঠিত করতে পেরেছে। সেই কারণে বিজেপির পক্ষে বাংলা জয় এতটা সহজ হয়েছে বলে মনে করছেন সিপিএমের জেলার নেতারা। সূত্রের খবর, রাজ্য কমিটির বৈঠকে দলীয় নেতাদের একাংশ জানিয়েছেন, এখন থেকে আর ধর্ম বিশ্বাসীদের দূরে সরিয়ে রাখা চলবে না।

    সূত্রের খবর, এম এ বেবি কেরলের নির্বাচনের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি পার্টির নেতাদের বলেছেন, এই সময় দাঁড়িয়ে আরএসএসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। সূত্রের খবর, এর পাশাপাশি সাগরদিঘিতে এসডিপিআইকে সমর্থন, পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে নিরঞ্জন সিহির নাম সরিয়ে নেওয়া, আরাবুল ইসলামকে আইএসএফের প্রার্থী করা, হুমায়ুন কবীরের প্রসঙ্গও উঠেছিল বলে খবর। হিন্দু ভোট সিপিএমের কাছ থেকে সরে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে খবর।
  • Link to this news (বর্তমান)