হাসপাতালের ভিতর তৃণমূলের পার্টি অফিস, বন্ধ করার নির্দেশ
বর্তমান | ১৭ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বরানগর স্টেট জেনারেল হাসপাতালের ভিতর দোতলা ভবন দখল করে রমরমিয়ে চলছিল ক্লাব ও তৃণমূলের পার্টি অফিস। রাজ্যে পালাবদলের পর বিজেপি নেতারা এসে ভবনটি খালি করে দিতে বলেন। শনিবার সকালেও ঘর খালি করা হয়নি। স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা বরানগর স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে আসেন, দু’দিনের মধ্যে ভবনটি খালি করার ব্যবস্থা করতে হবে, না হলে তাঁরা তালা মেরে দেবেন। বিজেপি নেতা-কর্মীদের বক্তব্য, বরানগরের একমাত্র সরকারি হাসপাতালের ভিতরে দোতলা ভবনের একতলায় একটি ক্লাব এবং উপরতলায় তৃণমূলের পার্টি অফিস রয়েছে। যা সম্পূর্ণ বেআইনি।
বিজেপির বরানগর মণ্ডল সভাপতি নয়না সিংহ বলেন, সরকারি হাসপাতালে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এখানে সাধারণ মানুষ, অসুস্থ বৃদ্ধ, শিশুরাও আসে। কিন্তু ক্লাবের আড়ালে অসামাজিক কাজকর্ম হতো বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাই দ্রুত এই ক্লাব ও পার্টি অফিস খালি করে দিতে হবে। এই ভবন সংস্কার করে স্বাস্থ্য পরিষেবার কাজে ব্যবহার করতে হবে। বিজেপি নেতা সৌমেন মিস্ত্রি বলেন, আমরা হাসপাতাল সুপারকে দু’দিন সময় দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়ার। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। বিজেপির দাবি, নবনির্বাচিত বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, বরানগর স্টেট জেনারেল হাসপাতাল আগামী দিনে আরও বড়ো আকারে তৈরি হবে। আরও আধুনিক যন্ত্রপাতি আনা হবে।