সংবাদদাতা, কল্যাণী: চাকদহে সিংহের বাগান এলাকায় জয়কৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে (সমবায় ব্যাংক) চুরির চেষ্টা ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়াল। ব্যাংকের একাধিক তালা ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা বিভিন্ন সামগ্রী তছনছ করে বলে অভিযোগ। ব্যাংকের সিসি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি হার্ডডিস্কও চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ব্যাংক সূত্রে খবর, সকালে কর্মীরা দোতালায় থাকা ওই ব্যাংক খুলতে এসে দেখেন, মূল গেটের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। টাকা রাখার ভল্ট ভাঙার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। যদিও কত টাকা বা কী নথি খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। তবে টাকা খোয়া না গেলেও কিছু নথি খোয়া যেতে পারে বলে ধারণা ব্যাংক কর্তৃপক্ষের।
খবর পেয়ে এলাকায় পৌঁছয় চাকদহ থানার পুলিশ। পুলিশ ব্যাংকের ভিতর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ব্যাংকের পাশে থাকা তিনটি সিমেন্ট ও পাথরের দোকানের তালা ভাঙা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেও নথি ও জিনিসপত্র ওলটপালট করা হয়েছে এবং সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, রাজ্যে সাম্প্রতিক পালাবদলের পর কোনো গুরুত্বপূর্ণ নথি নষ্ট বা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। যদিও পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। এই বিষয়ে সমবায় ব্যাংকের ম্যানেজার সঞ্জীব বিশ্বাস বলেন, সকালে আমরা এসে বিষয়টি দেখতে পাই। পুলিশ তদন্ত করছে। ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি। নথি ওলট-পালট হয়েছে। সেগুলো আমরা দেখছি। তবে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।