তিরুবনন্তপুরম-হজ়রত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে (12431) আগুন। ট্রেনের এসি কোচে (B1) রবিবার ভোরে আচমকা আগুন লেগে যায়। কোটা রেল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের লুনি রিছা (LNR) ও বিক্রমগড় আলট (VMA) স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ট্রেনের সমস্ত যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার জেরে দিল্লি-মুম্বই রুটে আপাতত সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সূত্রের খবর, চলন্ত ট্রেনের B1 কোচে প্রথম আগুনের শিখা দেখতে পাওয়া যায়। ট্রেন সেই সময়ে দিল্লি-মুম্বই রুট দিয়ে যাচ্ছিল। ট্রেনের গার্ড আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে খবর দেন। খবর পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এর পরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং রেলের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা মাত্র ১৫ মিনিটের মধ্যে B1 কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে নীচে নামিয়ে আনেন।
পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশন এ প্রসঙ্গে একটি বিবৃতিত দিয়েছে। বিবৃতিতে বলে হয়েছে, যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কোনও যাত্রী বা রেলকর্মী আহত বা নিহত হননি। আগুন লাগার পরে লাইনের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হয়। এর পরে ক্ষতিগ্রস্ত B1 কোচটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।
রেলের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই দুর্ঘটনার জেরে জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসকে (12955) মাহিদপুর রোড স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে আপাতত। রেল কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছেন। তবে আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ।