এই সময়, খড়্গপুর: ট্রেন দুর্ঘটনা এড়াতে রেললাইন পরিদর্শনে এ বার রোবটের সাহায্য নিতে পারবে ভারতীয় রেল! স্বয়ংক্রিয় এবং মেধাযুক্ত এমন এক ধরনের রোবট তৈরি করেছেন আইআইটি-খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার ও তাঁর অধীনস্থ গবেষকরা। জানা গিয়েছে, মাস তিনেকের মধ্যে কাজ শেষ করে পেটেন্টের জন্য আবেদন জানাবেন গবেষকরা। দিলীপ বলেন, 'দুর্গম এলাকায়, খারাপ আবহাওয়ায় বা রাতের অন্ধকারে মানুষের পক্ষে সব সময়ে খুঁটিনাটি ত্রুটি ধরা সম্ভব না-ও হতে পারে। আমাদের তৈরি রোবট সেই কাজ সহজেই করতে পারবে।
এ ধরনের রোবট বানাতে সাধারণত ১৫-২০ লক্ষ টাকা খরচ হয়। তবে প্রচুর সংখ্যায় তৈরি হলে এক একটির পিছনে ২-৩ লক্ষের মতো খরচ হবে।'
দিলীপ জানিয়েছেন, জিপিএস লাগানো এই রোবটে থাকা ব্যাটারি-চালিত হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ন্ত্রিত হয় রিমোটে। রেললাইন ধরে এগোনোর সময়ে কোথাও ফাটল পেলে, দূরত্বে গরমিল বা ভূমি থেকে উচ্চতার তারতম্য থাকলে সেখানেই রোবটটি থেমে যাবে এবং ওই ত্রুটির ছবি তুলে পাঠাবে। যে রেলকর্মী ল্যাপটপ, কম্পিউটারে রোবটটি নিয়ন্ত্রণ করছেন, তিনি সেই ছবি দেখতে পাবেন। জিপিএসের সাহায্যে লোকেশনও বুঝতে পারবেন। এই তথ্যের সূত্রে সেখানে পাঠানো হবে সংশ্লিষ্ট কর্মীদের এবং তাঁরা মেরামতির কাজ শুরু করতে পারবেন।