• হচ্ছে হবে নয়! পরিকাঠামো উন্নয়নে বিদ্যাসাগর হাসপাতালে বিধায়ক ইন্দ্রনীল, সোমে স্বাস্থ্যভবনে বৈঠক
    প্রতিদিন | ১৭ মে ২০২৬
  • হচ্ছে হবে নয়। বুলেট ট্রেনের গতিতে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে উদ্যোগী বাংলার নতুন বিজেপি সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএমে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে বৈঠকে বসেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ হাজির হলেন বিদ্যাসাগর হাসপাতালে।

    পশ্চিম কলকাতার এই হাসপাতাল নিয়ে অভিযোগ বহু। পনেরো বছরেও তৈরি হয়নি নবজাতক কেয়ার ইউনিট। শনিবার বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ হাজির হয়েছিলেন বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। কথা বলেন সুপার ডা. অতসী মণ্ডলের সঙ্গে। সূত্রের খবর কাল, সোমবার চিকিৎসক বিধায়করা বৈঠকে বসবেন স্বাস্থ্যভবনে। সেখানে উপস্থিত থাকবেন উচ্চ পর্যায়ের আধিকারিকরা। কোন হাসপাতালে কোন কোন পরিকাঠামো অবিলম্বে প্রয়োজন, চিকিৎসক বিধায়করা তা জানাবেন স্বাস্থ্য অধিকর্তাকে।

    দীর্ঘদিন ধরে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে মানুষের ভূরি ভূরি অভিযোগ। বিধায়ক ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “এই হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এখানে কোনও পরিকাঠামো নেই। পনেরো বছরে শুধু নীল সাদা রং হয়েছে। রোগী এখানে ভর্তি হওয়া মাত্রই রেফার হয়ে অন্যত্র চলে যায়।”

    সূত্রের খবর, বিদ্যাসাগর হাসপাতালে কর্মিসংখ্যা অপ্রতুল। সার্জন মেরেকেটে একজন। সিক নিউবর্ন কেয়ার ইউনিট নেই। এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ডায়মন্ডহারবার রোডের পাশে। অথচ পথ দুর্ঘটনায় আহত রোগী এলে চিকিৎসা পান না। কারণ হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট-ই নেই। এ সবই লিখিত আকারে সুপারকে দিতে বলেছেন বিধায়ক। সোমবার স্বাস্থ্যদপ্তরের বৈঠকে তিনি তা তুলে ধরবেন। সোমবার চিকিৎসক বিধায়কদলের সঙ্গে স্বাস্থ্যদপ্তরের বৈঠক। সূত্রের খবর শনিবার জেলা হাসপাতালের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্যভবন। রেফার রোগ ও দালাল চক্র ঠেকাতে রাজ্যের নতুন সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। সেই বার্তা পৌঁছে গিয়েছে জেলার হাসপাতালে।
  • Link to this news (প্রতিদিন)