• সুপ্রিম কোর্টে আরও চার জন বিচারপতিকে চায় কেন্দ্র, মোদীর মন্ত্রিসভার সিদ্ধান্তে অনুমোদন রাষ্ট্রপতির
    এই সময় | ১৭ মে ২০২৬
  • প্রধান বিচারপতিকে বাদ রেখে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারপতির সংখ্যা ৩৩। তা বাড়িয়ে ৩৭ করতে চায় কেন্দ্রীয় সরকার। এতে সম্প্রতিই সিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। এ বার মন্ত্রিসভার সেই সিদ্ধান্তে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে শীর্ষ আদালতে প্রধান বিচারপতিকে ধরে মোট বিচারপতির সংখ্যা হতে চলেছে ৩৮।

    সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যাবৃদ্ধি সংক্রান্ত একটি বিলও পেশ করবে কেন্দ্র। বিলটির নাম ‘সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬’। কিন্তু তার আগেই বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি করতে চেয়ে অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র। রাষ্ট্রপতি তাতেই অনুমোদন দিয়েছেন। রবিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ (প্রধান বিচারপতি ছাড়া) করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী অধ্যাদেশ জারির মাধ্যমে করা হয়েছে।’

    বিপুল পরিমাণে মামলার চাপ সামাল দিতেই শীর্ষ আদালতে বিচারপতিদের সংখ্যাবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তারা জানিয়েছে, সরকারি তহবিল থেকেই অতিরিক্ত বিচারপতিদের বেতন দেওয়া হবে। সহায়ক কর্মী-সহ আনুষঙ্গিক খরচও পাবেন।

    ভারতীয় সংবিধানের ১২৪(১) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংসদে বিল পাশ করিয়েই শীর্ষ আদালতে বিচারপতিদের সংখ্যা বাড়ানো বা কমানো যায়। সেই মতো মামলার চাপ সামাল দিতে ধাপে ধাপে বিচারপতিদের সংখ্যা বেড়েছে সুপ্রিম কোর্টে। ১৯৫৬ সালে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা ছিল ১০। ১৯৬০ সালে তা ১৩, ১৯৭৭ সালে ১৭, ১৯৮৬ সালে ২৫, ২০০৮ সালে ৩০ এবং ২০১৯ সালে ৩৩ করা হয়েছিল। এ বার আরও চার বিচারপতি পেতে চলেছে শীর্ষ আদালত।

  • Link to this news (এই সময়)