• নিম্নমানের কাজ করা ঠিকাদাররা কালো তালিকায়, ঘোষণা নিশীথের
    এই সময় | ১৭ মে ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: তৃণমূলের জমানায় নিম্নমানের কাজ করেছেন, এমন ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করবে নতুন সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। শনিবার দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকের পরে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্ত্রী হিসেবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে এ দিনই তিনি শিলিগুড়ির ফুলবাড়িতে উত্তরকন্যায় এলেন। এ দিন প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক করেন তিনি। সেখানেই আধিকারিকদের কাছে কাজের মান নিয়ে জানতে চান মন্ত্রী। তার পরেই দপ্তরের সমস্ত কাজের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে সমস্ত প্রকল্পের কাজ ৫০ শতাংশও সম্পূর্ণ করা যায়নি, সেগুলি নতুন করে টেন্ডার ডেকে করা হবে বলে ঘোষণা করেন মন্ত্রী।

    এ দিন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা অভিযোগ করেন, ঠিকাদার সংস্থা তাঁদের বেতন থেকে বেআইনি ভাবে জিএসটি কেটে নিচ্ছে। এই অভিযোগেরও তদন্ত করা হবে বলে কর্মীদের আশ্বস্ত নিশীথ। তিনি বলেন, 'কিছু কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক কাজই স্রেফ কাগজে কলমে হয়েছে বলে অভিযোগ মিলেছে। যে সমস্ত ঠিকাদাররা এই সমস্ত নিম্নমানের কাজের সঙ্গে জড়িত তাঁদের কালো তালিকাভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। যে সমস্ত কাজের এখনও ৫০ শতাংশ শেষ করা যায়নি, সেগুলি নতুন করে টেন্ডার করা হবে।'

    গাফিলতির নমুনা স্বরূপ তিনি কোচবিহার রবীন্দ্র ভবনের উদাহরণ দেন। বাম জমানায় দেড় কোটি টাকা ব্যয়ে ভবনটি তৈরি হয়। তৃণমূল জমানায় সেটির সংস্কারের কাজে ব্যয় হয় আট কোটি টাকা। নতুন সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ঠিকাদার এবং দালালদের আনাগোনা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি, উত্তরবঙ্গের মানুষদের নিজেদেরকে বঞ্চিত মনে করার ভাবনা থেকে সরিয়ে আনাই হবে তাঁর মুখ্য কাজ। নিশীথের দাবি, এই ভাবনা বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী তাঁকে ঢেলে বরাদ্দ দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। নতুন প্রকল্প হাতে নেওয়ার সময়ে রাজনীতি নির্বিশেষে উত্তরবঙ্গের বিধায়কদের মতামত নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে তিনি কাজ করবেন বলে এদিন ঘোষণা করেন। নয়া সরকার উত্তরকন্যায় ক্যাবিনেট বৈঠক করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একই সঙ্গে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্বেও রয়েছেন। তিনি বলেন, 'রাজ্যের প্রতিটি জেলায় ক্রীড়া ক্ষেত্রে ন্যূনতম পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে স্টেডিয়ামগুলিরও সংস্কার করা হবে।'

  • Link to this news (এই সময়)