অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাঁসফাঁস গরমের মধ্যেই আজ রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। তবে সকালের দিকে মোটের উপর বজায় থাকবে অস্বস্তি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
রবিবারের সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তেজ। যার জেরে গরম ও অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল হতে হবে পথচলতি সাধারণ মানুষকে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেলের পরে ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম।
ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।
আবহাওয়া দপ্তর আগেই বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।