• রাতেই পাঁচ হাসপাতালে স্বাস্থ্যসচিব, সারপ্রাইজ় ভিজ়িটে খতিয়ে দেখলেন পরিকাঠামো
    এই সময় | ১৭ মে ২০২৬
  • স্বাস্থ্যসচিবের সারপ্রাইজ় ভিজ়িট। শনিবার রাতে কলকাতার একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ় ভিজ়িট করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। গত বৃহস্পতিবার কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ ও চারটি টিচিং ইনস্টিটিউশন হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যসচিব। সেখানে একাধিক বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর। এর পরে শনিবার রাতে হাসপাতালগুলি ঘুরে দেখেন স্বাস্থ্যসচিব।

    প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান স্বাস্থ্যসচিব। তার পরে একে একে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএস, আরজি কর এবং এসএসকেএম-এ যান তিনি। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় ও অন্যান্য চিকিৎসক, আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন নারায়ণস্বরূপ নিগম।

    চলতি সপ্তাহে রাজ্যের পুর ও নগরোন্নয়ন তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রবল অসন্তোষ প্রকাশের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন শৌচাগার এবং নজরদারির অভাব নিয়ে ইতিমধ্যেই হাসপাতালগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

    মন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর পরই স্পষ্ট নির্দেশ— শুধু শৌচাগারই নয়, হাসপাতালের ওয়ার্ড ও করিডরও পরিষ্কার রাখতে হবে। সূত্রের দাবি, হাসপাতালের বিভিন্ন অংশ দিনে অন্তত তিন বার পরিষ্কার করার কথা বলা হয়েছে। আদৌ সেই কাজ হচ্ছে কি না, তা-ও নজরে রাখার কথা বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)